মনজুরুল আলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেন নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর আলম।
এতে পদত্যাগ পরবর্তী বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র প্রার্থী) উকিল আব্দুস সাত্তার ভূইয়া পেয়েছেন ডাব প্রতীক, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র প্রার্থী) অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা পেয়েছেন সিংহ প্রতীক, আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি (স্বতন্ত্র প্রার্থী) আবু আসিফ আহমেদ পেয়েছেন মোটর গাড়ি প্রতীক, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ ভাসানী পেয়েছেন দলীয় প্রতীক লাঙ্গল ও জাকের পার্টির প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল দলীয় প্রতীক হিসেবে পেয়েছেন গোলাপ ফুল।
প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ জিয়াউল হক মীর, জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ, গত ১১ ডিসেম্বর বিএনপির দলীয় সিদ্ধান্তে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন উকিল আব্দুস সাত্তার ভুইয়া। এতে
এ আসনটি শূন্য হওয়ায় আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উপ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।








