আন্তর্জাতিক অঙ্গনে আবারও বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতা যুবরাজ শামীম। তার দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অতল’ (In Between Living) নির্বাচিত হয়েছে রাশিয়ার ১৯তম ‘ইস্ট অ্যান্ড ওয়েস্ট: ক্ল্যাসিকস অ্যান্ড অ্যাভান্ট-গার্ড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে। রাশিয়ার ওরেনবুর্গে অনুষ্ঠিতব্য এই উৎসবটি সংক্ষেপে ওরেনবুর্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নামেও পরিচিত।
উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচক কমিটির উচ্চ প্রশংসা অর্জনের পর ‘অতল’কে মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগের জন্য নির্বাচিত করা হয়েছে। চলচ্চিত্রটির দুটি প্রদর্শনীর অনুমতি চেয়েছে উৎসব কর্তৃপক্ষ। এর মধ্যে একটি হবে প্রতিযোগিতা বিভাগের নিয়মিত প্রদর্শনী। আর উৎসবে ‘অতল’ পুরস্কার জিতলে সমাপনী অনুষ্ঠানে বিজয়ী চলচ্চিত্র হিসেবে এটি দ্বিতীয়বার প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।
শুধু প্রতিযোগিতা বিভাগে চলচ্চিত্র নির্বাচিত হওয়াই নয়, যুবরাজ শামীমকে দুটি মাস্টারক্লাস পরিচালনার জন্যও আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ। উৎসব চলাকালে স্বাধীন চলচ্চিত্র নির্মাণ, অল্প বাজেট নিয়ে সিনেমা নির্মাণের অভিজ্ঞতা এবং নিজের চলচ্চিত্রভাষা নিয়ে চলচ্চিত্র শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন তিনি।
চলতি বছরের এপ্রিলে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘অতল’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। সেখানে ‘Apocalypse Now’ বিভাগে প্রদর্শিত হয় চলচ্চিত্রটি এবং NETPAC Award-এর জন্যও প্রতিযোগিতা করে। মস্কোর পর এবার রাশিয়ার আরেকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিল ‘অতল’।
নতুন এই অর্জন নিয়ে উচ্ছ্বসিত যুবরাজ শামীম। তিনি বলেন, ‘অতল’ প্রচলিত ধারার চলচ্চিত্র নয়। দর্শক কিংবা চলচ্চিত্র উৎসব—কাউকেই প্রচলিত অর্থে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ছবিটি নির্মাণ করা হয়নি। এমন একটি চলচ্চিত্র নিয়ে কোনো উৎসব আগ্রহ প্রকাশ করলে নিজের শিল্পের ভাষা খুঁজে পাওয়ার তাড়না আরও বেড়ে যায় বলে জানান তিনি।
দুটি মাস্টারক্লাসের আমন্ত্রণ নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা। তার ভাষায়, দেশে তো নয়ই, দেশের বাইরেও স্বাধীন চলচ্চিত্র ও নিজের ফিল্ম ফিলোসফি নিয়ে চলচ্চিত্র শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার এমন সুযোগ তিনি আগে ভাবেননি।
‘অতল’-এর নির্মাণ প্রক্রিয়া প্রসঙ্গে যুবরাজ জানান, এটি মূলত তার এবং চলচ্চিত্রটির সিনেমাটোগ্রাফার ও প্রধান অভিনেতা নাঈম তুষারের যৌথ এক যাত্রার ফসল। একটি ক্যামেরা নিয়ে স্কুটারে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়ে নিজেদের অনুভূতির সঙ্গে সংযোগ তৈরি করে এমন লোকেশন খুঁজে সেখানে সেই অনুভূতিকে দৃশ্যমান করার চেষ্টা করেছেন তারা। এ কারণেই ‘অতল’কে তিনি একটি ‘ভিজ্যুয়াল পেইন্টিং’ হিসেবে দেখতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
চলচ্চিত্র নির্মাণের দর্শন নিয়েও নিজের ভাবনা তুলে ধরে যুবরাজ বলেন,“চলচ্চিত্র আমার কাছে একটা আর্ট ফর্ম। চলচ্চিত্রকে আমি কবিতা লেখার মতো করে দেখি। একজন কবির কাছে খাতা-কলম থাকলেই সে তাঁর অনুভূতি লিখতে পারে। আর আমার হাতে আছে ক্যামেরা, যা ছবি বানানোর জন্য যথেষ্ট। একটি কবিতা পড়েতো কখনও মনের মধ্যে প্রশ্ন জাগে না কবিতার বাজেট কত! বরং কবির অনুভূতি ও সৃষ্টির প্রক্রিয়াকে অনুভব করি। আমার কাছেও চলচ্চিত্র ঠিক তেমনই।”
তিনি বলেন,“বাজেট, তারকা কিংবা আয়োজনের চেয়ে নির্মাণের শিল্পপ্রক্রিয়াটাই বেশি গুরুত্বপূর্ণ।”
এর আগে যুবরাজ শামীমের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আদিম’ ২০২২ সালে ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নেয়। ওই আসরে চলচ্চিত্রটি অর্জন করে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড ও নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড।
দরবার শরীফের ব্যানারে নির্মিত ‘অতল’-এর চিত্রনাট্য, পরিচালনা, প্রযোজনা ও সম্পাদনা করেছেন যুবরাজ শামীম। সিনেমাটোগ্রাফি ও প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাঈম তুষার। শব্দগ্রহণ করেছেন রিপন নাথ, কালার করেছেন আব্দুল্লাহ রাকিব এবং পোস্টার ডিজাইন করেছেন মেঘদল ব্যান্ডের শিবু কুমার শীল।
আগামী ২১ থেকে ২৭ আগস্ট রাশিয়ার ঐতিহাসিক শহর ওরেনবুর্গে অনুষ্ঠিত হবে উৎসবটির ১৯তম আসর। উৎসবে অংশ নিতে আগামী ১৯ আগস্ট রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন যুবরাজ শামীম।








