আগামী নির্বাচনে ইন্টারনেট গতি কমিয়ে দিলে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আগামী নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে চান তিনি।
সোমবার (১৩ মার্চ) নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে সাংবাদিকদের জন্য নীতিমালা প্রস্তুত করার আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সিইসি এ কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, গণমাধ্যমের মাধ্যমে নিরপেক্ষতা প্রকাশ পেলে ইসির গ্রহণ যোগ্যতা বেড়ে যাবে। সরকার স্বচ্ছতা বিশ্বাস করলে এবং ভালো নির্বাচন চাইলে ভোটের দিন ইন্টারনেট গতি কমিয়ে দেয়া ঠিক হবে না।
মতবিনিময় সভায় রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’র (আরএফইডি) সদস্যরা উপস্থিত ছিলেন।
তারা নির্বাচনের সময় পেশাগত কাজ করতে গিয়ে নানা ধরণের হয়রানি ছাড়াও যেসব সমস্যার মুখোমুখি হন সেসব বিষয় নির্বাচন কমিশনের সামনে তুলে ধরেন।







