ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী মিষ্টি জান্নাত হারিয়েছেন তার বাবা মো. মকবুল হুসাইনকে। ২৯ জুলাই দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বাবার মৃত্যুর তিন দিন পর শনিবার (২ আগস্ট) নিজের ফেসবুকে এক আবেগঘন পোস্টে ভাঙা হৃদয়ের গভীর অনুভূতি প্রকাশ করেছেন মিষ্টি জান্নাত।
সেখানে তিনি লিখেছেন,“আজ এতিম আমি। কেউ আর আমাকে আব্বু বলে ডাকবে না। কেউ বলবে না যে বাবু তুমি কই! আমার সব শক্তি শেষ হয়ে গেছে।”
বাবার অনুপস্থিতির বিষয়টি গভীরভাবে টের পাচ্ছেন জানিয়ে এসময় মিষ্টি আরো বলেন,“বাবাকে সারাদিন-রাত দেখার ব্যস্ততা নাই। নিশ্বাস বন্ধ হয়ে যায় আমার। আমার আর কেউ থাকলো না। আমি, আব্বু আর আম্মুকে নিয়ে আমার পৃথিবী ছিল।”
“বাবা নাই এটা একটা দুঃস্বপ্ন হতে পারে না। সব কিছুর বিনিময়ে বাবাকে যদি ফিরে পেতাম।” এমন আক্ষেপই এই চিত্রতারকার কণ্ঠে।
এই পোস্টে ভক্ত-অনুরাগীরা তার প্রতি ভালোবাসা ও সহানুভূতি প্রকাশ করেছেন। মন্তব্যের ঘরে অনেকে তাকে সান্ত্বনা দিয়ে লিখেছেন, “আল্লাহ আপনার বাবাকে জান্নাতবাসী করুন”।
মিষ্টি জান্নাত জানান, তার বাবা দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। হঠাৎ অবস্থার অবনতি হলে ২৯ জুলাই রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।
প্রসঙ্গত, মিষ্টি জান্নাতের বাবা মো. মকবুল হুসাইন একজন ব্যবসায়ী ছিলেন।







