চীনের বিপক্ষে টি-টুয়েন্টি বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বে নেমে বল হাতে তাণ্ডব চালিয়েছেন শ্যাজরুল ইদ্রুস। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন মালয়েশিয়ার ডানহাতি পেসার।
বুধবার কুয়ালালামপুরে টসে জিতে ব্যাটিংয়ে নামা চীন বিধ্বস্ত অভিজ্ঞতার মুখে পড়েছে। ইদ্রুসের বোলিং তোপে তাদের ৭ ব্যাটার হয়েছেন বোল্ড। ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ৮ রান খরচায় ৩২ বর্ষী ক্রিকেটার নেন ৭ উইকেট। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এখন সেরা বোলিং ফিগারের মালিক তিনি।
ইদ্রুসের আগে টি-টুয়েন্টিতে সেরা বোলিং ছিল নাইজেরিয়ার পিটার আহোর। ২০২১ সালে সিয়েরা লিওনের বিপক্ষে ৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।
পিটারের পরের স্থানে ভারতের দীপক চাহার। ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে ৭ রানে ৬ উইকেট নিয়ে। তার সঙ্গে যৌথভাবে একই বোলিং ফিগারের মালিক উগান্ডার দীনেশ নাকরানি। ২০২১ সালে লেসোথোর বিপক্ষে কীর্তিটি গড়েন তিনি।
ইদ্রুসের তোপে ১১.২ ওভারে মাত্র ২৩ রানে অলআউট হয়েছে চীন। ছোট লক্ষ্য তাড়ায় নেমে ৩ রানে ২ উইকেট হারায় মালয়েশিয়া। দুই ওপেনারের কেউ রানের খাতা খুলতে পারেননি। পরে স্বাগতিকরা ৪.৫ ওভার ব্যাটিং করে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে।








