নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জের ধরে জান্নাতুল ফেরদৌস নামে এক গৃহবধূকে হত্যা মামলায় স্বামী আব্দুল্লাহ চৌধুরী ওরফে রাসেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. আমিনুল হক আসামীর উপস্থিততে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুল্লাহ চট্টগ্রামের চন্দনগাঁও এলাকার একেএম ফরিদ আহমেদ চৌধুরীর ছেলে। নিহত জান্নাতুল ফেরদৌস খুলনার খালিশপুর এলাকার জহিরুল ইসলামের মেয়ে। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। রূপগঞ্জের মৈকুলি এলাকার হাবিবুর রহমানের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন তারা।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সালাহ উদ্দিন সুইট জানান, ৪ নভেম্বর ২০২২ সালে পারিবারিক কলহের জেরে স্বামী আব্দুল্লাহ ছুরিকাঘাত করে তাকে হত্যা করে। পরে নিহতের মা শারমিন আক্তার ডলি বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করা হয়।
নিহতের মা শারমিন আক্তার রায়ে সন্তোষ প্রকাশ করে আসামীর মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করার দাবি জানান।







