গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রাক-বড়দিনের অনুষ্ঠানের খাবার হিসেবে বিরিয়ানি খাওয়ার পর ১০০-এর বেশি শিশু অসুস্থ হয়ে পড়েছে। গুরুত্বর অসুস্থ শিশুদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীরা জানিয়েছেন, কান্দি এজি চার্চে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে প্রাক-বড়দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর ২টার দিকে চার্চের তালিকাভুক্ত শিশু-কিশোরদের বিরিয়ানির প্যাকেট দেয়া হয়। বাড়িতে গিয়ে খাওয়ার পর সন্ধ্যার দিকে তাদের বমি ও ডায়রিয়া শুরু হয়। অসুস্থ শিশু-কিশোরদেরকে তাদের অভিভাবকরা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।
কান্দি ইউনিয়ন এজি চার্চের প্রজেক্ট ম্যানেজার রিপন কুন্দা জানান, তাদের সংস্থার তালিকাভুক্ত ৩২০ জন শিশু-কিশোরকে স্থানীয় ধারাবাশাইল বাজারের গোবিন্দ বোস হোটেল থেকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়। এই বিরিয়ানি খেয়ে শিশুরা অসুস্থ হয়ে পড়ে।
অসুস্থ শিশুদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে তাদের সংস্থার পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে জানার জন্য হোটেল ব্যবসায়ী গোবিন্দ বোসের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।







