স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হতে যাচ্ছেন পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফ। ক্ষমতাসীন দল স্কটিশ ন্যাশনাল পার্টি হামজাকে তাদের নতুন নেতা নির্বাচন করেছে। তিনি হবেন স্কটল্যান্ডের প্রথম মুসলিম ফার্স্ট মিনিস্টার।
স্কটিশ পার্লামেন্ট মঙ্গলবার তাকে আধা-স্বায়ত্তশাসিত স্কটল্যান্ড সরকারের ফার্স্ট মিনিস্টার নির্বাচন করবে বলে আশা করা হচ্ছে। ফেব্রুয়ারিতে অপ্রত্যাশিতভাবে পদত্যাগ করা নিকোলা স্টারজেনের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
হামজা সম্প্রতি স্কটল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
দলের নেতা নির্বাচিত হওয়ার পর তিনি বলেন, স্কটিশদের স্বাধীনতার জন্য আন্দোলন জোরদার করবেন তিনি। ২০১৪ সালে স্কটল্যান্ডের স্বাধীনতার বিপক্ষে ৫৫ শতাংশ জনগণ ভোট দেন। দু’বছর আগে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পক্ষে ভোট দিলেও স্কটিশদের বেশিরভাগ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থেকে যাওয়ার পক্ষে ভোট দেন।






