ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৪১ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার (৮ মে) সকাল ৮ টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। প্রাথমিক অবস্থায় ভোগগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।
জেলা প্রতিনিধিদের পাঠানো বিভিন্ন উপজেলার নির্বাচনের খবর:
বরিশাল:
প্রথম ধাপে বরিশালের দুটি উপজেলা বরিশাল সদর এ বাকেরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন শুরু হয়েছে। কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮ টায় ভোট গ্রহন শুরু হয়ে চলবে বিকেল ৫ টা পর্যন্ত। তবে সকালে বৃষ্টির কারণে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিলো অনেক কম। বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের।বরিশাল সদর উপজেলার ১০টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র রয়েছে ১১৩ টি। এ উপজেলায় ১ লক্ষ ৯৫ হাজার ২৯৯ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটের ১ লক্ষ ১৬১ জন এবং মহিলা ভোটার ৯৫ হাজার ১৩৫ জন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের রয়েছে ৩ জন।
অপরদিকে বাকেরগঞ্জ উপজেলায় ১৪ টি ইউনিয়নে ১১৩ টি কেন্দ্রে ৩ লক্ষ ১০ হাজার ২১১ জন। পুরুষ,১ লাখ ৬১ হাজার ৯৮৭ জন এবং নারী ১ লক্ষ ৪৮ হাজার ২২৪ জন।এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ময়মনসিংহ:
উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ময়মনসিংহের তিনটি উপজেলায় শুরু হয়েছে ভোটগ্রহন। তিন উপজেলা হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুরে দুটি পৌরসভাসহ ২৯ টি ইউনিয়নে ১৬ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ১৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তিন উপজেলায় মহিলা-পুরুষ ও তৃতীয় লিঙ্গের সাত লাখ ৪৫ হাজার ৪৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগে নির্বাচিত করবেন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান।
হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর এই তিন উপজেলার দুটি পৌরসভাসহ ২৯ টি ইউনিয়নে ২৩৯ টি ভোট কেন্দ্রে এক হাজার সাত’শ ৪২ টি কক্ষে ভোটগ্রহন হচ্ছে।
ভোট নির্বিঘ্ন করতে আইনশৃংখলা বাহিনির চার হাজার নয়শ একজন সদস্য নিয়োজিত থাকছে। এছাড়াও থাকছে ১০টি স্টাইকিং টিম ও ম্যাজিস্ট্রেটসহ ৩১ টি মোবাইল টিম। হালুয়াঘাট উপজেলায় চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। ধোবাউড়ায় চেয়ারম্যান পদে ৬, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। ফুলপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।
যশোর:
যশোরের মনিরামপুর ও কেশবপুর উপজেলায় শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭ প্রার্থী। তবে ভোটার উপস্থিতি কম।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, মণিরামপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার ৩ লাখ ৬০ হাজার ৭৩৫ জন ভোটার ১৬৫টি ভোটকেন্দ্রে ভোট প্রদানের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। এদিকে কেশবপুর উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৬ জন। এছাড়া ভাইস-চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ২০ হাজার ৯৫৪। ভোট কেন্দ্র রয়েছে ৯৫টি। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলো ভোটার উপস্থিতি একেবারেই কম। তবে যেসব ভোটাররা কেন্দ্র এসেছেন তারা জানিয়েছেন ভালোভাবেই ভোট সম্পন্ন করতে পেরেছেন।
এদিকে প্রার্থীরা জানিয়েছেন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভোটার সংখা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের সংখ্যা বাড়বে। এবং এই নির্বাচনে কোন কারচুপির শঙ্কা নেই বলে জানিয়েছেন তারা।
নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, কোনরকম ঝামেলা ছাড়াই নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শুরু করেছেন তারা। আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক সহযোগিতা করেছে।
শান্তিপূর্ণভাবে গ্রহণ সম্পন্ন করতে দুই উপজেলার ভোটকেন্দ্রে ২৬০জন প্রিজাইডিং অফিসার ও ১হাজার ৬০৫ সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করছেন। আর আইনশৃঙ্খলা রক্ষায় ১ হাজার ৮৬৮জন পুলিশ সদস্য ও ৩হাজার ৬শ’ আনসার দায়িত্ব পালন করছে। এছাড়া ৪০ জন র্যাব সদস্য এবং ৪ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনী এলাকায় টহল দিচ্ছে।
জামালপুর:
জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শুরু হয়েছে সকাল ৮টা থেকে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়ার আশা করছে সংশ্লিষ্টরা। এই উপজেলায় ৫ জন চেয়ারম্যান, ৩জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্ধীতা করছেন।
১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত সদর উপজেলা। ১৬৯টি ভোট কেন্দ্রে ১৪১০টি ভোট কক্ষের মাধ্যমে ৫লক্ষ ৫১ হাজার ৪শ ৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কেন্দ্রগুলিতে নিরাপত্তার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার, বিজিবি, ও র্যাবের সমন্বয়ে চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।

টাঙ্গাইল:
উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে টাঙ্গাইলের দুটি উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ৮ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় প্রার্থী ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়বে বলে মনে করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, প্রথম ধাপে টাঙ্গাইলের ধনবাড়ী ও মধুপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
ধনবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৫৮৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭৯ হাজার ৯০২ জন এবং মহিলা ভোটার ৮২ হাজার ৬৮৬ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৬১ টি এবং ভোট কক্ষের সংখ্যা ৪২৯ টি।
মধুপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৫ হাজার ২১৮ জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৭ হাজার ৪১৯ জন এবং মহিলা ভোটার ১ লাখ ২৭ হাজার ৭৯৮ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৯০ টি এবং ভোট কক্ষের সংখ্যা ৬০৪ টি।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান বলেন, প্রথম ধাপে নির্বাচনের সকল প্রস্তুতি শেষে টাঙ্গাইলের দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের পরিবেশ অবাধ ও সুষ্ঠ করতে ইতিমধ্যে ৭ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন র্যাব, প্রতিটি কেন্দ্রে ৪জন পুলিশ, ১৫ জন আনছার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও দুটি উপজেলায় একজন করে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। আশা করছি সুষ্ঠ ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে পারবো।
নওগাঁ:
নওগাঁ জেলায় প্রথম ধাপে আজ তিন উপজেলা পরিষদের নির্বাচনে সকাল ৮টা থেকে ১৯১টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান জানিয়েছেন, এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন, বদলগাছী উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং ধামইরহাট উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই তিন উপজেলায় মোট ৬ লক্ষ ৩৭ হাজার ১৬৭ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
সাতক্ষীরা:
সাতক্ষীরার কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলায় সুষ্ঠু-শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় ভোট গ্রহণ শুরু হয়। দুটি উপজেলায় ৫জন চেয়ারম্যান, ১২ জন ভাইস চেয়ারম্যান এবং ৬ জন সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরা ও পদ্মপুকুরে একদিন আগেই ব্যালট পেপার পাঠানো হয়।
ফেনী:
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে সকাল থেকে শান্তি পূর্ণ ভোটগ্রহন চলছে। উপজেলার ৩২ টি কেন্দ্রে এ ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে। চেয়ারম্যান পদে ২ জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ উপজেলায় ১ লাখ ৬ হাজার ৫৭১ জন ভোটার রয়েছে বলে জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে।
এছাড়া জেলার পরশুরাম উপজেলার ভোট গ্রহন আজ করার কথা থাকলেও সেখানে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
খাগড়াছড়ি:
খাগাড়াছড়ি জেলার রামগড়, মাটিরাঙ্গা, মানিকছড়ি ও লক্ষীছড়ি চার উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহন চলছে। কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। চার উপজেলায় মোট ৯০টি কেন্দ্র রয়েছে। নির্বাচনে ২লক্ষ ১৩ হাজার ৮৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৮ হাজার ৬২৩ জন আর নারী ভোটার ১ লক্ষ ৫ হাজার ২৭৪জন। এখন পযন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
চার উপজেলায় মোট ৩৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন।
প্রতি উপজেলায় একজন জ্যুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, প্রতিটি ইউনয়নে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ লক্ষীছড়ি ও মানিকছড়ি উপজেলায় ৮ প্লাটুন করে এবং রামগড় ও মাটিরাঙ্গা উপজেলায় ৬ প্লাটুন করে বিজিবি সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত রয়েছে।
চুয়াডাঙ্গা:
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে চুয়াডাঙ্গার দুটি উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বৈরি আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি কম।
উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান জানান, ভোর থেকে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌছানো হয়। সকাল ৮ টায় উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৈরি আবহাওয়ার কারণে শুরুতে ভোটার উপস্থিতি কম। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে।
দামুড়হুদা উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দামুড়হুদায় মোট ভোটার ২ লাখ ৪৭ হাজার ৮২০ জন। নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৯৪১ জন ও পুরুষ ভোটার ১লাখ ২৪ হাজার ৮৭৯ জন। ৯৬টি কেন্দ্র ভোট গ্রহণ সম্পন্ন হবে।
জীবননগর উপজেলায় দুই জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১লাখ ৫৩ হাজার ২১৫ জন। নারী ভোটার ৭৬ হাজার ৩০০ জন ও পুরুষ ভোটার ৭৬ হাজার ৯১৫ জন। ৬২টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর-নাচোল ও ভোলাহাট উপজেলায় ভোটগ্রহণ চলছে। উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও নেয়া হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেজন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও র্যাব-পুলিশের পাশাপাশি, বিজিবি, আনসার ও ডিবি পুলিশ মোতায়েন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে গোমস্তাপুর উপজেলার ৮ ইউনিয়ন ও ১টি পৌরসভা। গোমস্তাপুর উপজেলার ৮৯ টি ভোট কেন্দ্রে ২ লাখ ২৬ হাজার ৩০ জন ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৫৯২ জন, মহিলা ভোটার ১ লাখ ১৩ হাজার ৪৩৭ জন ৩য় লিঙ্গের ভোটার ১ একজন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে, নাচোল উপজেলা পরিষদ নির্বাচনে ৪ ইউনিয়ন ও ১টি পৌরসভা। নাচোল উপজেলার ৫৭টি ভোট কেন্দ্রের ৩৬২টি কক্ষে ১ লাখ ২৫ হাজার ৭৬ জন ভোটার এ উপজেলা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬২ হাজার ৭৪৪ জন, মহিলা ভোটার ৬২ হাজার ৩৩২ জন। নাচোল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া জেলার ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ৪ ইউনিয়ন ৩৮টি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোলাহাট উপজেলায় মোট ভোট কেন্দ্র ৩৮টি। মোট ভোটার ৮৬ হাজার ২২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪২ হাজার ৫১৭ জন, মহিলা ভোটার ৪৩ হাজার ৭১২ জন। ভোলাহাট উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কুষ্টিয়া:
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুষ্টিয়ার দুটি উপজেলায় ভোটগ্রহণ চলছে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সকাল আটটা থেকে কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। তবে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল অনেক কম।
এবার সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে দুইজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে আট জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২০ হাজার ৮৩৩ জন। আর খোকসা উপজেলায় ভোটের সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৮ জন।

কুমিল্লা:
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কুমিল্লার মেঘনা, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪ টা পর্যন্ত। উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসকের পক্ষ থেকে কঠোর অবস্থান নেয়া হয়েছে।
৩ উপজেলার ২০৬ টি কেন্দ্রে মোট ভোটার ৫ লাখ ৫৬ হাজার ৯৬১ জন। চেয়ারম্যান পদে ১১ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেঘনা উপজেলায় কেন্দ্র ৪৮ টি, মোট ভোটার ১ লাখ ৬ হাজার ৪৮৯ জন, লাকসাম উপজেলায় কেন্দ্র ৭৮ টি, মোট ভোটার ২ লাখ ৩৩ হাজার ১০৩ জন ও মনোহরগঞ্জ উপজেলায় কেন্দ্র ৮০টি মোট ভোটার ২ লাখ ১৭ হাজার ৩৬৯ জন।
মেঘনা উপজেলায় মোট প্রার্থী ১৩ জন, চেয়ারম্যান- ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন। লাকসাম উপজেলায় মোট প্রার্থী ৭ জন, চেয়ারম্যান- ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ২ জন। মনোহরগঞ্জ উপজেলায় মোট প্রার্থী ৭ জন, চেয়ারম্যান- ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ২ জন।
এদিকে ভোটকেন্দ্রের নিরাপত্তা বিবেচনায় গুরুত্বপূর্ণ কেন্দ্রে ও সাধারণ কেন্দ্রে বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সেই হিসেবে সাধারণ কেন্দ্রে ১৭ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৮ বা ১৯ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
নরসিংদী:
প্রথম ধাপে নরসিংদী সদর এবং পলাশ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনকে অবাধ-সুষ্ঠু এবং শান্তিপূর্ন করতে কমিশনের পক্ষ থেকে নেয়া হয়েছে সার্বিক ব্যবস্থা। নরসিংদী সদরে চেয়ারম্যান পদে ৪ ভাইস চেয়ারম্যান পদে ৬ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন এবং পলাশ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন ভাইস চেয়ারম্যান পদে ৩জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জনসহ দুই উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম জানিয়েছেন, নরসিংদী সদর উপজেলার ৫ লক্ষ ৩৭ হাজার ৫৬৯ জন ভোটারের নিরাপত্তাসহ নির্বিঘ্নে ভোট প্রদানের জন্য প্রস্তুত করা হয়েছে ১৭৫টি ভোট কেন্দ্র। পাশাপাশি পলাশ উপজেলার ১ লক্ষ ৮২ হাজার ৩১৮ জন ভোটারের জন্য ৬৩টিসহ মোট ২৩৮ ভোট কেন্দ্র প্রস্তুত করা হয়।
প্রথম ধাপের শান্তিপূর্ন ভোট গ্রহণ সম্পন্ন করতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিপুল পরিমান বিজিবি, র্যাব, পুলিশ, আনসারসহ আইনশৃংঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে।
রাঙ্গামাটি:
রাঙ্গামাটি সদর উপজেলাসহ ৪টি উপজেলার ৯২টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন শুরু হলেও সকাল থেকে বৈরি আবহাওয়া ও বৃষ্টির কারণে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও সকাল ১০টার পর থেকে ভোটার উপস্থিতি বাড়ছে।
রাঙ্গামাটির চারটি উপজেলায় সর্বমোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলায় ৩টি পদে ১৪ জন, কাউখালী উপজেলায় ৫ জন, জুরাছড়ি উপজেলায় ৭জন ও বরকল উপজেলায় ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ,বিজিবি, র্যাব ও আনসার মোতায়েন করা হয়েছে।
নাটোর:
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে নাটোরে তিন উপজেলায় ৩০২ ভোটকেন্দ্রে একযোগে ব্যালেট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা মো. দেলোয়ার হোসেন চেয়ারম্যান নির্বাচিত হন।
সরজমিনে দেখা যায়, ভোটকেন্দ্রগুলোতে তেমন ভিড় ছিল না। পর্যাপ্ত পুলিশ ও আনছার সদস্যরা কেন্দ্রে রয়েছেন। তবে সকাল থেকেই কেন্দ্র গুলো ফাঁকা দেখা যায়। দু-একজন করে ভোটার ভোট কেন্দ্রে আসছেন । রাতে বৃষ্টির কারণে লোকজন সকালে ভোট কেন্দ্রে আসা কম বলে মনে করছেন অনেকে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের সংখ্যা বৃদ্ধিার আশা করছেন প্রার্থীরা।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বলেন, নাটোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। এর আগে প্রতিটি ভোটকেন্দ্র ব্যালেট পেপার পৌঁছানো হয়। উপজেলায় একজন সহকারী রিটানিং অফিসার দায়িত্বে রয়েছেন। মাঠে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৭ প্লাটুন বিজিবি। এছাড়াও প্রতিটি ভোটকেন্দ্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্বে রয়েছেন।







