বাংলাদেশ জাতীয় হকি দলের নতুন নির্বাচকের নাম ঘোষণা হয় বৃহস্পতিবার বিকেলে। সন্ধ্যায় দায়িত্ব নিয়েই এশিয়ান গেমসকে সামনে রেখে চলমান জাতীয় হকি দলের ক্যাম্পে নতুন করে ছয় জন অভিজ্ঞ খেলোয়াড়কে অর্ন্তভূক্ত করেন সাজেদ এএ আদেল, আরিফুল হক প্রিন্স ও মাহবুব হারুনের নির্বাচক কমিটি।
হকি ফেডারেশনের অধীনে চলমান জাতীয় হকি ক্যাম্পে নতুন করে ডাক পাওয়া ছয় খেলোয়াড়েরা হলেন- আবু সাঈদ নিপ্পন, মো. নাইম উদ্দিন, মো. শিশির, পুস্পর খীসা মিমো, রাসেল মাহমুদ জিমি এবং শহিদুল হক সৈকত। ফেডারেশনের জরুরি সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় বলে জানিয়েছেন সদস্য আরিফুল হক প্রিন্স।
কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এশিয়ান গেমসের মতো আন্তর্জাতিক ও মর্যাদাপূর্ণ মঞ্চে দেশের জন্য সেরা ফলাফল বয়ে আনতেই মেধা ও অভিজ্ঞতার সমন্বয়ে এই খেলোয়াড়দের দলে যুক্ত করা হয়েছে। নতুন অন্তর্ভুক্তি চলমান ক্যাম্পের প্রতিদ্বন্দ্বিতা ও খেলোয়াড়দের মনোবল আরও বাড়িয়ে তুলবে বলে আশা করছে ফেডারেশন।
শুক্রবার থেকে নতুন ডাক পাওয়া ছয় জন খেলোয়াড় মওলানা ভাসানি হকি স্টেডিয়ামে চলমান অফিশিয়াল ক্যাম্পে যোগ দেবেন। এশিয়ান গেমসের চূড়ান্ত দল গঠনের লক্ষ্যে বাকি খেলোয়াড়দের সাথে প্রস্তুতি গ্রহণ করবেন তারা।
বাংলাদেশ হকি ফেডারেশন আশা করছে, সিনিয়র ও জুনিয়র খেলোয়াড়দের এই মেলবন্ধন এশিয়ান গেমসে বাংলাদেশকে শক্তিশালী দল হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।







