বাংলাদেশ জাতীয় হকি দলের জন্য তিন সদস্য বিশিষ্ট নতুন নির্বাচক কমিটির নাম ঘোষণা হয়েছে। এ কমিটিতে সভাপতি হয়েছেন বাংলাদেশ হকির সাবেক তারকা খেলোয়াড় ও সংগঠক সাজেদ এ এ আদেল। তিন সদস্যের কমিটিতে সদস্য হয়েছেন সাবেক হকি খেলোয়াড় আরিফুল হক প্রিন্স ও মাহবুব হারুন।
বৃহস্পতিবার বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাজেদ আদেল দীর্ঘ দিন ধরে মোহামেডান স্পোর্টিং ক্লাবে হকির বিভিন্ন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি প্রথম বিভাগের ক্লাব হকি ইউনাইটেড এবং কম্বাইন্ড স্পোটিংয়ের সভাপতির দায়িত্ব পালন করেছেন। হকির নতুন গঠিত অ্যাডহক কমিটিতে সহ-সভাপতির দায়িত্বও পেয়েছেন সাজেদ আদেল।
নির্বাচক কমিটিতে সদস্য পদ পাওয়া আরিফুল হক প্রিন্স বাংলাদেশ হকি দলের সাবেক খেলোয়াড় ও অধিনায়ক ছিলেন। ক্লাব পর্যায়ে তিনি ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ও ম্যানেজারের দায়িত্ব পালন করেছিলেন। হকির নতুন কমিটিতে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এ বছরের মে মাসে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার নতুন সদস্য সচিব মনোনীত হয়েছিলেন।
আরেক সদস্য মাহবুব হারুন বাংলাদেশ হকি জাতীয় দলের সাবেক খেলোয়াড়। ২০০৬ সালে তিনি বাংলাদেশ জাতীয় হকি দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন। তিনি আবাহনী ক্লাবের কোচ ও পরবর্তীতে ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন।

