মাগুরায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আছিয়া আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার বাকি তিন আসামি—জাহেদা বেগম, সজিব শেখ ও রাতুল শেখকে খালাস দেওয়া হয়েছে।
আজ (১৭ মে) শনিবার সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ রায় হয়। বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন। অভিযোগ গঠনের মাত্র ২১ দিনের মধ্যে মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়। আর ঘটনার ২ মাস ১১ দিনের মাথায় চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা হলো।
আদালত সূত্রে জানা গেছে, মামলার যুক্তিতর্ক উপস্থাপন হয় ১৩ মে। এরপর ওই দিনই বিচারক রায়ের দিন নির্ধারণ করেন। এর আগে ৭ মে সাক্ষ্যগ্রহণের কাজ শেষ হয়।
গত ৬ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আছিয়া। গুরুতর অবস্থায় তাকে প্রথমে মাগুরা, পরে ফরিদপুর, ঢাকা মেডিকেল কলেজ ও সর্বশেষ সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ আছিয়ার মৃত্যু হয়।
ধর্ষণের ঘটনায় শিশুটির মা আয়েশা আক্তার ৮ মার্চ হিটু শেখসহ চারজনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন।








