আগেও ভুটান সফর করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এবারই নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে জামাল ভূঁইয়ার দল। সমুদ্রপৃষ্ঠ থেকে ভুটানের উচ্চতা বেশি হওয়ায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হাইকিং করেছে কোচ হাভিয়ের ক্যাবরেরার দল।
আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। থিম্পুতে পৌঁছে তাই উচ্চতার সঙ্গে মানিয়ে নেয়ার দিকে বাড়তি গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। সে কারণে শনিবার সকালেই ফুটবলারদের নিয়ে হাইকিং সেরে নেন বাংলাদেশের স্প্যানিয়ার্ড কোচ।

বলেছেন, ‘আগামীকাল আমরা মাঠে অনুশীলন শুরু করব। আপাতত আমাদের লক্ষ্য সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ও আর্টিফিশিয়াল টার্ফের সঙ্গে মানিয়ে নেয়া। সব মিলিয়ে চার সেশন পাব, জিম সেশন হয়েছে সকালে, পুল সেশন রিকভারি, যেগুলো মানিয়ে নেয়ার জন্য যথেষ্ট হবে বলে আশা করি। উচ্চতার সাথে মানিয়ে নিতে হাইকিং করেছি। হাঁটার চেয়ে অনেক বেশি কার্যকরী ট্রেনিং এটা। খুবই ইতিবাচক।’

প্রথমবার হাইকিং করার অভিজ্ঞতা জানিয়েছেন বিশ্বনাথ ঘোষও। বলেছন, ‘এখানে এসেছি, লক্ষ্য দুই ম্যাচে ৬ পয়েন্ট নেয়া। এটা কেবল আমার নয়, দলের সবারই একই লক্ষ্য। আমার জীবনে এটা প্রথম অভিজ্ঞতা, এর আগে কখনও হাইকিং করিনি। সেটা এবার করেছি। আমরা সবাই মজা করেছি, উপভোগ করেছি। শুরুর দিকে একটু কষ্ট হয়েছে। যখন উপরে উঠে গেছি, তখন সবকিছু স্বাভাবিকভাবে করতে পেরেছি।’

একই কথা বলেছেন জাতীয় দলের ফরোয়ার্ড রাকিব হোসেনও। তার ভাষ্য, ‘আমরা পুরো টিম পাহাড়ে হাইকিং করেছি, একটু কষ্ট হয়েছে সবার। এখানকার আবহাওয়া আমাদের দেশের চেয়ে একটু বেশি গরম, হালকা ঠাণ্ডাও আছে। একটু কষ্ট হয়েছে, কিন্তু আস্তে আস্তে আমরা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিচ্ছি। ভুটানের সঙ্গে ম্যাচ রয়েছে, যত আগে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারব, আমাদের জন্য তত ভালো হবে।’

‘আমরা জানি ভুটান শক্তিশালী দল। ওদেরকে নিয়ে ঢাকাতে অনেক কাজ করেছি। আমরা চাইবো, এখান থেকে ভালো কিছু করে দেশে ফিরতে। এখানে যদি জিততে পারি, তাহলে আমাদের র্যাঙ্কিংয়ে উন্নতি হবে, সামনে যে এএফসি এশিয়ান কাপের ম্যাচ আছে, সেখানে আমাদের সুবিধা হবে। আমরা চাই ভুটানের বিপক্ষে ভালো ফুটবল খেলতে এবং জিততে।’








