টানা কয়েক দিনের ভারী বর্ষণের পরও দেশের আবহাওয়া পরিস্থিতির উন্নতির কোনো ইঙ্গিত নেই। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।
আজ সোমবার (১৩ জুলাই) অতিবৃষ্টির কারণে দেশের কয়েকটি নদ-নদীর পানি বাড়ছে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। অন্যদিকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে জলাবদ্ধতায় জনজীবন ব্যাহত হচ্ছে। রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, যা নগরজীবনে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি করেছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে এসব বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এসময় দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
আবহাওয়ার সিনপটিক বিশ্লেষণে জানানো হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
এদিকে সোমবার সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।







