গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করেছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।
আজ (১৩ জুলাই) সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি মানি লন্ডারিং মামলার আসামি হিসেবে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার শ্রী শ্রী কালী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মন্দির এলাকায় গিয়ে তাকে বাইরে ডেকে আনেন। পরে হাতকড়া পরিয়ে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।
এই ঘটনায় মন্দির এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেপ্তারের পর তাকে ঢাকায় নেওয়া হয়েছে। পরে আদালতে হাজির করে মামলার পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালনা করা হবে।
উল্লেখ্য, গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের ঘোষণা দিয়ে সম্প্রতি আলোচনায় আসেন হরিদাস চন্দ্র তরণী দাস। তবে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক সৃষ্টি হলে গত জুন মাসে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কমিটি নির্মাণকাজ স্থগিতের ঘোষণা দেয়।
মন্দির কর্তৃপক্ষ সেসময় জানায়, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মাবলম্বীর অনুভূতির প্রতি সম্মান জানিয়ে নির্মাণকাজ স্থগিত করা হয়েছে। তারা দাবি করে, প্রশাসন, রাজনৈতিক দল বা অন্য কোনো পক্ষের চাপে নয়, বরং সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বতঃপ্রণোদিত হয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।







