দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এবারই প্রথম রাজধানীসহ সারাদেশে ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো ব্যালট পেপার। কঠোর নিরাপত্তায় ভোট কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ব্যালট পেপার হস্তান্তর করা হয়।
অন্য সরঞ্জাম আগের দিন পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট গ্রহণের আগের দিন ২ হাজার ৯৬৪ কেন্দ্রে এবং ভোটের দিন সকালে ৩৯ হাজার ৬১ কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)।
ভোর সাড়ে ৫টার দিকে আনুষ্ঠানিকভাবে ঢাকার ১১০টি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে ব্যালট পেপার হস্তান্তর করেছেন ঢাকার রিটার্নিং কর্মকর্তা মোঃ সাবিরুল ইসলাম। চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট সহ দেশের বিভাগীয় শহরগুলোতে ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছানোর কাজ সম্পন্ন হয়েছে।
আজ রোববার ৭ জানুয়ারি সকাল ৮টায় শুরু হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সারাদেশে একযোগে সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবার সারাদেশের ২৯৯টি আসনের ৪২ হাজার ২৫টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ১৬ হাজার ৬৩৩ জন।







