ক্যাসিনোতে পরিণত হয়েছিল পুঁজিবাজার, সংস্কার করছে সরকার: অর্থমন্ত্রী

পুঁজিবাজার ও ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান সৃষ্টি সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, অতীতে দেশের পুঁজিবাজার পুরোপুরি ক্যাসিনোতে পরিণত হয়েছিল। এ পরিস্থিতি থেকে উত্তরণে সংস্কারের পাশাপাশি স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত কমিশন গঠন করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে পাঁচ বছর মেয়াদি সংস্কার ও উন্নয়ন কৌশলবিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
দেশের অর্থনীতি এখনো পুনরুদ্ধারের পর্যায়ে রয়েছে উল্লেখ করে আমির খসরু বলেন, বাড়তি দামে জ্বালানি আমদানি করতে গিয়ে সরকারকে বড় ধরনের আর্থিক চাপ সামলাতে হচ্ছে। আন্তর্জাতিক বাজার থেকে আগের তুলনায় দুই থেকে তিন গুণ বেশি দামে তেল ও গ্যাস কিনতে হচ্ছে। ফলে আমদানিজনিত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সুযোগও সীমিত হয়ে পড়েছে।
তবে শুল্ক ছাড়সহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে খাদ্য মূল্যস্ফীতি ৬ দশমিক ৪ শতাংশে নামিয়ে আনা হয়েছে বলে দাবি করেন তিনি। অর্থমন্ত্রীর মতে, অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আপাতত কম প্রবৃদ্ধি মেনে নেওয়ার প্রয়োজন রয়েছে।
আগামী পাঁচ বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম লক্ষ্য বলে জানান অর্থমন্ত্রী। এ লক্ষ্য অর্জনে সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সরকারের পাঁচ বছর মেয়াদি উন্নয়ন পরিকল্পনার ভিত্তি সম্পর্কে আমির খসরু বলেন, বিএনপির ‘ভিশন ২০৩০’ এবং পরবর্তী সময়ে ঘোষিত ২৭ ও ৩১ দফার আলোকে এই কৌশলগত কাঠামো প্রণয়ন করা হয়েছে। বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি ও জাইকাসহ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদেরও এই পরিকল্পনায় সম্মতি রয়েছে বলে জানান তিনি।
ব্যাংক খাতের পরিস্থিতি নিয়ে আমানতকারীদের আশ্বস্ত করে অর্থমন্ত্রী বলেন, সরকার আমানতকারীদের টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তা দিচ্ছে। ব্যাংকে নিট আমানত বৃদ্ধির মধ্য দিয়ে গ্রাহকদের আস্থা ফিরতে শুরু করেছে বলেও দাবি করেন তিনি।
একই সঙ্গে তথ্য গোপনের সংস্কৃতি থেকে বেরিয়ে স্বচ্ছতার ভিত্তিতে সরকার পরিচালনার ওপর গুরুত্ব দেন আমির খসরু।
অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, অতীতে নানা উন্নয়ন পরিকল্পনা নেওয়া হলেও সেগুলোর বাস্তবায়নে ঘাটতি ছিল। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিচ্ছিন্ন প্রকল্পের পরিবর্তে সমন্বিত কর্মসূচি ও গুচ্ছ প্রকল্প গ্রহণ করা হচ্ছে।
সাধারণ অর্থনীতি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন বিভাগের সচিব মনজুর হোসেন।





