শরীয়াহভিত্তিক অর্থায়নের আওতায় সরকার সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিতে যাচ্ছে। এ লক্ষ্যে ১০ বছর মেয়াদি ইসলামী বন্ড (সুকুক) ইস্যু করা হচ্ছে, যার মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ৯ দশমিক ৭৫ শতাংশ।
বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত বুধ ও বৃহস্পতিবার (৭ ও ৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের সভাপতিত্বে শরীয়াহ অ্যাডভাইজরি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সদস্যরা ইজারা পদ্ধতিতে এই সুকুক ইস্যুতে সর্বসম্মত সিদ্ধান্ত নেন।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, সরকারি কর্মচারীদের জন্য গণপূর্ত অধিদফতরের বাস্তবায়নাধীন সাতটি আবাসন প্রকল্প এবং বাংলাদেশ রেলওয়ের কয়েকটি নির্দিষ্ট ট্রেন সেবাকে এই সুকুকের অন্তর্ভুক্ত সম্পদ হিসেবে নির্ধারণ করা হয়েছে। ‘বাংলাদেশ গভর্নমেন্ট স্পেশাল সুকুক-১’ নামে এই সুকুক প্রাইভেট প্লেসমেন্ট পদ্ধতিতে সরাসরি সম্মিলিত ইসলামী ব্যাংকের কাছে ইস্যু করা হবে।
পরিকল্পনা অনুযায়ী, সরকার আগামী বুধবার (১৪ জানুয়ারি) ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা গ্রহণ করবে।
সম্প্রতি পাঁচটি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়েছে। নতুন এ ব্যাংকের পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে সরকারের অবদান ২০ হাজার কোটি টাকা এবং আমানতকারীদের শেয়ার থেকে এসেছে বাকি ১৫ হাজার কোটি টাকা। ব্যাংকটির অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা।








