আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)- এর মিডিয়া ও ম্যাস কমিউনিকেশন (এমএমসি) ডিপার্টমেন্ট ‘ক্যারিয়ার অপরচুনিটিজ ফর মিডিয়া এন্ড জার্নালিজম স্টুডেন্টস ইন দ্যা এনজিও এন্ড ইউএন সিস্টেমস্’ শীর্ষক জেম্যাস সেমিনার সিরিজের তৃতীয় পর্ব আয়োজন করেছে।
বুধবার ২০ ডিসেম্বর ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুম -এ আয়োজিত ওয়েবিনারে মিডিয়া ও সাংবাদিকতার শিক্ষার্থীরা এনজিও সেক্টরে কীভাবে ক্যারিয়ার গড়তে পারে তা নিয়ে আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এআইইউবি এমএমসি বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া।
ওয়েবিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশ-এর হেড অফ কমিউনিকেশনস্ মো. আব্দুল কাইয়ুম, ব্র্যাক ও হেড অফ মাইগ্রেশন প্রোগ্রাম অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্ম -এর অ্যাসোসিয়েট ডিরেক্টর শরিফুল হাসান।
মো. আব্দুল কাইয়ুম তার আলোচনায় বাংলাদেশে এনজিও খাতের চাকরির বিবর্তন, গতিশীল এই সেক্টরে ক্যারিয়ার তৈরিতে প্রয়োজনীয় দক্ষতা এবং কীভাবে সেগুলো তৈরি করবে সে বিষয়ে বিস্তৃত আলোচনা শিক্ষার্থীদের জন্য তুলে ধরেন।
তিনি শিক্ষার্থীদের জন্য ভালো যোগাযোগ দক্ষতা, নেটওয়ার্কিং, ভলান্টিয়ারিং গুরুত্বপূর্ণ বলে মতামত দেন।
উন্নয়ন সেক্টরে কাজ করতে আগ্রহীদের জন্য কেন তারা এই সেক্টরে কাজ করতে চান তার উত্তর থাকাটা জরুরি বলে মরে করেন শরীফুল হাসান। কারণ তার মতে, এই কেন’র উত্তরই একজনকে তাড়িত করবে সেই ফিল্ডে ভালো কাজ করার, ভালো করার।
তিনি মনে করেন মানুষের জন্য কাজ করার মধ্যে জনকল্যাণেই সত্যিকারের আনন্দ এবং জীবনের অর্থ খুঁজে পাওয়া যায়। তিনিও ভালো যোগাযোগ দক্ষতা, কার্যকর নেটওয়ার্কিং, ক্যাপাসিটি বিল্ডিং এবং সুনিপুণ সিভির ওপর গুরুত্ব দেন।
ওয়েবিনারটি পরিচালনা করেন এআইইউবি এমএমসি বিভাগের সহকারী অধ্যাপক নাসরিন আক্তার।







