দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। টানা দ্বিতীয় দফায় মূল্য সমন্বয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়, যা আগে ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
বৃহস্পতিবার ৭ মে সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য ঘোষণা করে। সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানানো হয়।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২১৩ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকায় বিক্রি হবে।
বিশ্ববাজারে চলমান অস্থিরতার প্রভাবেই স্বর্ণের বাজারে এই ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়তে থাকে। বর্তমানে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৪ হাজার ৭০০ ডলারে পৌঁছেছে।
এর আগে গত ২৯ জানুয়ারি দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ দর বাড়ানোর নজির গড়ে বাজুস। সেদিন এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানো হয়। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম উঠে যায় ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্য হিসেবে রেকর্ড হয়।








