দেশের স্বর্ণের বাজারে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেওয়ায় ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ৩৪ হাজার টাকা ছাড়িয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
আজ (১৫ জানুয়ারি) বৃহস্পতিবার থেকে স্বর্ণের নতুন এই দাম কার্যকর হবে উল্লেখ করে বাজুস জানায়, বৈশ্বিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এই দফায় প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ৬২৫ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ২৪ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।
এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৯৪৯ টাকা নির্ধারিত রয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৬৭৪ টাকা অপরিবর্তিত রয়েছে।
বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট অর্গের তথ্যমতে, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম চার হাজার ৬২০ ডলার ছাড়িয়েছে।







