জার্মানিতে আগাম নির্বাচনের সময় ঘোষণা

জার্মানির পার্লামেন্টের আধুনিক ও সুসজ্জিত সভাকক্ষের ছবি, যেখানে সংসদ সদস্যরা বৈঠক করেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
জার্মানিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৩ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জার্মান সংসদের কয়েকটি সূত্র।
মঙ্গলবার (১২ নভেম্বর) একটি প্রতিবেদনে সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে একটি সুত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, আগাম নির্বাচনের বিষয়ে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি এসপিডি এবং বিরোধী খ্রিস্টীয় গণতন্ত্রী বা সিডিইউ দলের মধ্যে বোঝাপড়া হয়েছে। ওই প্রেক্ষিতেই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
গত সপ্তাহে শলৎসের জোট সরকারে ভাঙন দেখা দেয়। জোটে থাকা এফডিপির সাংসদ ও অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনারকে বহিস্কার করেন চ্যান্সেলর ওলাফ শলৎস। এর প্রেক্ষিতে জোটের মধ্যে মত বিরোধ তৈরি হয়। আর জোট থেকে নিজেদেরকে সরিয়ে নেয় এফডিপি। এই পরিস্থিতে ১৬ ডিসেম্বরে আস্থা ভোট অনুষ্ঠিত হবে। তবে ভাঙনের পর সংখ্যালঘু হয়ে পড়া শলৎস সরকার ভোটে আস্থা অর্জনে ব্যর্থ হবেন বলে মনে করা হচ্ছে।
জার্মানিতে সবশেষ সংসদ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর৷ নির্বাচনের পর শলৎসের এসপিডি দল চার বছরের জন্য জোট সরকার গঠন করে। জোট সরকারের অংশ হয় সবুজ দল এবং ফ্রি ডেমোক্র্যাটিক পার্টি এফডিপি কিন্তু মতপার্থক্যের জেরে তিন বছরের মাথায় জোট সরকারে ভাঙন দেখা দেয়।





