অবৈধ সম্পদ অর্জন: কালিয়াকৈরের সাবেক মেয়রকে দুদকে তলব

কালিয়াকৈরের সাবেক মেয়র দপ্তরে বসে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
গাজীপুর জেলার কালিয়াকৈরের সাবেক পৌর মেয়র মজিবুর রহমান (৬০)। প্রায় দুই যুগ সময় ধরে পৌর মেয়রের দায়িত্ব পালন করেছেন তিনি। এসময়ের মধ্যে প্রায় শূন্য থেকে বর্তমানে পাহাড়সম সম্পদের মালিক হয়েছেন তিনি। তার এত সম্পদের উৎস নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে অনুসন্ধানের জন্য অবশেষে তাকে দুর্নীতি দমন কমিশনে তলব করা হয়েছে। একইসাথে তাকে নিজের, স্ত্রী, সন্তান ও তার উপর নির্ভরশীলদের স্থাবর, অস্থাবর সম্পত্তির দলিল, ট্রেড লাইসেন্স, আয়কর রিটার্ন ও যাবতীয় সম্পদের রেকর্ডপত্র নিয়ে আগামী ৫ জানুয়ারি দুদকে হাজির হতে বলা হয়েছে।
জানা যায়, পৌরসভায় একক টেন্ডার বাণিজ্য, ভূয়া ড্রেনেজ ব্যবস্থার নামে প্রকল্প দেখিয়ে সরকারি টাকা লোপাট, পৌরসভায় জনবল নিয়োগে অনিয়ম, পৌর এলাকায় অনিয়মিতান্ত্রিকভাবে পরিবহন খাত থেকে টোল আদায়, ব্যক্তি মালিকানাধীন জমি জবর দখল থেকে শুরু করে নানা অনিয়ম দূর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন তিনি। এছাড়াও ক্ষমতার অপব্যহার করে সাধারণ মানুষের জায়গা জবর দখল, খাস ও বনের জমি জবরদখল করে বিক্রি করার অভিযোগ রয়েছে মেয়র মজিবুরের বিরুদ্ধে।
স্থানীয়রা জানিয়েছেন, মজিবুর রহমান মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে নিজের ভাগ্য পরিবর্তন করলেও সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হয় এমন দৃশ্যমান উন্নয়ন করেননি। নিজে আধিপত্য বিস্তার করে নামে বেনামে হয়েছেন হাজার কোটি টাকার মালিক। একসময় পরিবহনের ব্যবসা করলেও তিনি এখন এখানকার অঘোষিত সম্রাট। অবৈধ টাকায় নামে বেনামে একাধিক আলিশান বাড়ি করেছেন তিনি।
এ বিষয়ে মজিবুর রহমান বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) যে কাউকে তলব করতে পারেন। এটা তাদের কাজ। আমি এখনও চিঠি পাইনি। অনেকেই আমাকে ফোন করে বিষয়টি জানিয়েছেন। চিঠি পেলে আমি সেখানে হাজির হবো। যে কারও বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে, সেটি প্রমাণ হয়েছে কিনা সেটি দেখতে হবে। আমি রাজনীতি করি, সেহেতু আমি ভালো নাকি মন্দ সেটি আমার এলাকার জনগণ জানে।



