বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাজে জানাজা রোববার (১২ জুলাই) বিকালে জাতীয় সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা জানিয়েছে, বিকাল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমের মরদেহ সংসদের নির্ধারিত চত্বরে দাফন করা হবে।
জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ অধিশাখা-১) রাশেদ মিজান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এদিকে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, সাবেক এই স্পিকারের আকস্মিক মৃত্যুতে সংসদীয় অঙ্গন ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
অন্যদিকে পৃথক শোকবার্তায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।







