শাহরুখ খানের ছবি ‘কিং’র জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। তাইতো এই সিনেমার নানা খুঁটিনাটি নিয়ে দর্শকদের জানার আগ্রহও প্রবল। এবার সামনে এল শাহরুখের সিনেমাতে কারা কাজ করতে চলেছেন সেই আপডেট।
অভিষেক বচ্চন থেকে শুরু করে অনিল কাপুর, কে নেই ছবিতে! আর হবে নাই বা কেন, শাহরুখ খান যে তার মেয়ে সুহানা খানকে এই ছবির মাধ্যমেই নতুন করে লঞ্চ করতে চলেছেন।
তবে শুধু অভিষেক বচ্চন কিংবা অনিল কাপুরই নন এই ছবিতে আরও অভিনয় করতে যাচ্ছেন রানী মুখার্জি, দীপিকা পাডুকোন, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি এবং অভয় ভার্মার মত তারকারা।
জানা গেছে, ‘কিং’ ১৯৯৪ সালের ফরাসি ক্লাসিক ‘লিওন: দ্য প্রফেশনাল’র হিন্দি রিমেক। যেখানে শাহরুখ খানকে দেখা যাবে আততায়ীর ভূমিকায়। যদিও ছবিতে সুহানা খানের চরিত্র সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে যে, তাকে তার দ্বিতীয় ছবিতে লিড রোলেই দেখা যাবে।
সঙ্গে খবর আসছে, সুহানা খানের মায়ের ভূমিকায় অভিনয় করতে পারেন রানি মুখার্জী। সূত্রের খবর, ‘কিং’ ছবিতে শাহরুখ খানের বসের ভূমিকায় দেখা যাবে অনিল কাপুরকে। তবে জ্যাকি শ্রফের চরিত্র সম্পর্কে এখনও খুব বেশি তথ্য প্রকাশ্যে আসেনি। এই ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে জয়দীপকে।
একই সঙ্গে আরশাদ ওয়ারসির চরিত্রটি হতে পারে মজার ও হালকা ধূসর। অভিনেতা অভয় ভার্মাও শাহরুখের ছবির অংশ হবেন। তার চরিত্র সম্পর্কে এখনও খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি। ২০২৬ সালে মুক্তি পেতে পারে শাহরুখের ‘কিং’ ছবিটি।







