নরসিংদীতে শ্রমিক দলের নেতা জাহাঙ্গীর আলম (২৯) হত্যা মামলায় সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের পাঁচ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছে আদালত।
আজ (২৫ সেপ্টেম্বর) বুধবার দুপুর ১২টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে হাজির করা হয়। পরে দীর্ঘ সময় ধরে শুনানি শেষে তার রিমান্ড আবেদন নামঞ্জুর করেন নরসিংদীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (চতুর্থ আদালত) রাকিবুল ইসলাম।
এসময় তাকে কারাগারে পাঠিয়ে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন তিনি। এর আগে বুধবার ভোর ৫টার দিকে সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গুলশানে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে র্যাব।
উল্লেখ্য, গত ৪ আগস্ট নরসিংদী সদর উপজেলার মাধবদীতে চলছিল বৈশম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন। এসময় দুপুরের দিকে পৌরসভা চৌরাস্তা সংলগ্ন দেওয়ান হাসপাতালের সামনে বৈশম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয় জাহাঙ্গীর আলম (২৯)। তিনি মহিষাশুড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড শ্রমিক দলের সহসভাপতি ছিলেন। পরে ওইদিন রাতে রাজধানী ঢাকার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
এই ঘটনায় গত ৯ সেপ্টেম্বর আমির হোসেন নামে একজন ব্যক্তি মাধবদী থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুর ১২টার দিকে সাবেক শিল্পমন্ত্রীকে আদালতে তোলা হয়। এসময় বিক্ষুব্দ জনতা আদালত প্রাঙ্গণে ‘শিল্পমন্ত্রীর দুই গালে, জুতা মারো তালে তালে’ বলে স্লোগান দেন।
আসামি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট খন্দকার হালিম জানান, সাবেক শিল্পমন্ত্রীকে পাঁচদিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হয়েছিল। তবে বিজ্ঞ বিচারক তার বয়স বিবেচনা করে, ঘটনাস্থলে উপস্থিত না থাকায় এবং তিনি একজন আইনজীবী হওয়ায় তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তার এই রিমান্ড নামঞ্জুর করায় অসন্তুষ্টি প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট আব্দুল কাদির টিটু জানান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম সম্পূর্ণ অন্যায়ভাবে এই আদেশ দিয়েছেন। ওপর মহলের কোন নেতৃত্বের নির্দেশে এই রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন। আসামী এজাহারের পাঁচ নম্বর আসামি। তার হুকুমেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে রিভিশন দায়ের করব।








