বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেনসহ ১৪ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে মামলার প্যানেল আইনজীবী মো. রোকনুজ্জামান রোকন এই তথ্য নিশ্চিত করেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা রংপুর পিবিআই পুলিশ সুপার এবিএম জাকির হোসেন ৩০ সেপ্টেম্বর এই আবেদন করলে আদালত শুনানি শেষে গত বুধবার (২ অক্টোবর) এই আদেশ দিয়েছেন রংপুর মহানগর আমলী আদালতের বিচারক আসাদুজ্জামান।
জানা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন গত ৩০ সেপ্টেম্বর আদালতের কাছে আসামীদের বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা আরোপের আবেদন করেন। পরে গতকাল বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলী আদালতের বিচারক মো. আসাদুজ্জামান এ আদেশ দেন।
আবু সাঈদ হত্যা মামলার প্যানেল আইনজীবী রোকনুজ্জামান জানান, এ মামলায় ১৭ আসামীর মধ্যে তিনজন গ্রেপ্তার হলেও এখন পর্যন্ত ১৪ জন আসামী গ্রেপ্তার হয়নি।
উল্লেখ্য, গত ১৬ জুলাই কোটা আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শিক্ষার্থী আবু সাঈদ। গত ১৮ আগস্ট আবু সাঈদের বড় ভাই রমজান আলী ১৭ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেন। মামলাটি পিবিআই তদন্ত করছে।








