আগামী বছরের মার্চে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো ঢাকা সফরে আসবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সেই সফরেই ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বৃহস্পতিবার পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের রাষ্ট্রদূত ব্রাজিলে যিনি (সাদিয়া ফয়জুননেসা) তার কাছ থেকে একটা ই-মেইল পেয়েছি। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী মার্চে ঢাকায় আসবেন। তখন দূতাবাস খোলা নিয়ে সিদ্ধান্ত নেবেন।
মোমেন বলেন, আমি এটা জানার পর রাষ্ট্রদূতকে বলেছি, আপনি দেখবেন, সঙ্গে করে মেসি ও তার দলকে নিয়ে আসা যায় কি না। আমরা তাদের আতিথেয়তা দেবো।
আর্জেন্টিনার সঙ্গে বন্ধুত্ব পুরনো বলে জানিয়ে তিনি বলেন, আমাদের সমর্থকদের কারণে আর্জেন্টিনা-ব্রাজিলে আমাদের একটা ভালো অবস্থান আছে। এটা ভালো হয়েছে। আমরা এটাকে কাজে লাগাতে চাই।
অন্যদিকে আর্জেন্টিনার বিশ্বকাপে জয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক চিঠিতে দেশটির প্রেসিডেন্ট ও জনগণকে শুভেচ্ছা জানান। সেই চিঠির জবাবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে স্প্যানিশ ভাষায় শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান।
ফুটবল বিশ্বকাপ জয়ে বাংলাদেশের পক্ষ থেকে আর্জেন্টিনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী মোমেনও। সোমবার পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ক্যাফিয়েরোকে লেখা এক চিঠিতে অভিনন্দন জানান।








