গোপালগঞ্জ

অপহরণকারী সন্দেহে ৫ যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

অপহরণকারী সন্দেহে ৫ যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

অপহরণকারী সন্দেহে ৫ যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দের সময়ের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গোপালগঞ্জের দুর্গাপুর ইউনিয়নে অপহরণকারী সন্দেহে ৫ যুবককে ধরে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। এসময় ভুক্তভোগী যুবককে উদ্ধার করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) বিকেলে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে দুপুরের দিকে গোপালগঞ্জের সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ডোমরাশুর গ্রামে এ ঘটনা ঘটে।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিব আহম্মেদের বরাত দিয়ে সদর থানার ওসি জানান, রোববার দুপুরের দিকে কয়েকজন যুবক ডোমরাশুর গ্রামের এক যুবককে ধরে পোদ্দারবাড়ির পাশে মোবাইল টাওয়ারের নিচে নিয়ে মারধর করে মুক্তিপণ দাবি করছে, এমন খবর পান ইউপি চেয়ারম্যান নাজিব। পরে তিনি গ্রামবাসীকে সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহভাজন অপহরনকারী চক্রের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করে।

ওই সময় গ্রামবাসী ধাওয়া করে ৫ জনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করলেও পালিয়ে যায় আরো বেশ কয়েকজন।

অপহরণকারী সন্দেহে গ্রামবাসীর কাছে আটক ব্যক্তিরা আদৌ অপহরণকারী বা অন্যকিছু কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান থানার ওসি মোহাম্মদ সাজেদুর রহমান।

আটক সন্দেহভাজন অপহরণকারীরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতি ইউনিয়নের কোনাগ্রামের মৃত সিরাজ খানের ছেলে সিফাত খান (৩৫), একই গ্রামের মান্নান খানের ছেলে সাব্বির খান (২৩), আলীমুজ্জামান কাজীর ছেলে ওহিদুল কাজী (২৭), মৃত তারা মিয়ার ছেলে সাহাবুল শেখ (২৫) এবং একই উপজেলার শিবপুর গ্রামের আওলাদ মোল্যার ছেলে সাগর মোল্যা (২৬)।

বিষয়:গোপালগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…