চাঁদপুরের পদ্মা-মেঘনায় মাছ আহরণে চলছে ২২ দিনের নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা চলাকালীন অভয়াশ্রম এলাকার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০টায় স্পিডবোট যোগে মাওয়াঘাট থেকে রওনা হয়ে চাঁদপুরের নৌ-সীমানা পরিদর্শন করে ভোলার পথে রওনা হন তিনি।
এরপর তিনি শরীয়তপুর, বরিশাল ও ভোলা জেলার সংশ্লিষ্ট উপজেলা অংশে পদ্মা ও মেঘনা নদীতে অবস্থিত ইলিশ অভয়াশ্রম এলাকাসহ ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান কার্যক্রম’ সরেজমিনে পরিদর্শন করবেন বলে জানা গেছে।
এদিকে মা ইলিশ রক্ষায় আজ ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত পদ্মা ও মেঘনার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কোস্টগার্ড ও নৌ-পুলিশ ও মৎস্য বিভাগের কর্মকর্তারা।
এসময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের দায়ে ৫৭ জেলেকে আটক করা হয়। এছাড়াও ২০০ কেজি ইলিশসহ প্রায় ৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।







