গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির বিদেশে উন্নত চিকিৎসার জন্য যত অর্থ প্রয়োজন হবে, তা অর্থ মন্ত্রণালয় নিজস্ব তহবিল থেকে বরাদ্দ দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ বর্তমানে সন্তোষজনক রয়েছে এবং তা আরও স্থিতিশীল হবে। নির্বাচন কমিশন নির্বাচন আয়োজনের প্রস্তুতিমূলক কাজ খুব ভালোভাবে সম্পন্ন করেছে। এখন প্রয়োজন সেগুলোর যথাযথ বাস্তবায়ন। তিনি জানান, ওসমান হাদির বিদেশে চিকিৎসার জন্য যত অর্থ ব্যয় হবে, তা অর্থ মন্ত্রণালয় থেকে দেওয়া হবে।
নির্বাচনি ব্যয় নিয়েও কোনো সংকট হবে না বলে আশ্বস্ত করেন ড. সালেহউদ্দিন আহমেদ তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন ও একইদিনে অনুষ্ঠিতব্য গণভোটের কারণে নির্বাচনি বাজেট কিছুটা বাড়তে পারে। তবে নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। এখনও কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক চাহিদাপত্র পাওয়া যায়নি। চাহিদা পেলে কোনো ধরনের রিজার্ভেশন ছাড়াই বরাদ্দ নিশ্চিত করা হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, বর্তমানে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে। সামনে আইনশৃঙ্খলা আরও কঠোর করা হবে, যাতে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়। সার্বিকভাবে দেশের ম্যাক্রো অর্থনীতি সন্তোষজনক অবস্থায় রয়েছে। তবে মাইক্রো পর্যায়ে কিছু খাতে এখনও দুর্বলতা রয়েছে। পৃথিবীর কোনো দেশেই সব খাত একসঙ্গে ভালো চলে না, এটিই বাস্তবতা।
এর আগে রোববার শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সোমবার দুপুরে তাকে একটি বিশেষ মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। এজন্য প্রয়োজনীয় চিকিৎসক দল, ভ্রমণসংক্রান্ত প্রস্তুতি ও মেডিকেল ব্যবস্থাপনা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স-কালভার্ট এলাকায় রিকশায় করে যাওয়ার সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের হামলার শিকার হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। মোটরসাইকেলে আসা হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।







