২০২৬ এফআইএইচ মেয়েদের হকি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। সর্বোচ্চ ৯ বারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে টাইব্রেকারে জিতেছে আর্জেন্টাইনরা, দ্বিতীয় সর্বোচ্চ তিনবার বিশ্বকাপজয়ী হল দেশটি।
চলতি আসরের আয়োজক দেশ বেলজিয়াম এবং নেদারল্যান্ডস। গত তিন আসরের শিরোপাজয়ী ডাচরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ফাইনালে ঘরের মাঠে লড়েছে। শনিবার রাতে সব আলো কেড়েছে অবশ্য আর্জেন্টিনাই। ম্যাচে নির্ধারিত সময় শেষ হয় ১-১ গোল ড্রয়ে। প্রথম কোয়ার্টারে জালের দেখা পায়নি কোন দল। দ্বিতীয় কোয়ার্টারে মারিয়া গ্রানাত্তোর গোলে লিড নেয় আর্জেন্টিনা।
তৃতীয় কোয়ার্টারে কোন গোল না হলে ১-০তে এগিয়ে থাকে আর্জেন্টাইনরা। শেষ কোয়ার্টারে ইব্বি জ্যানসেনের গোলে সমতায় ফেরে স্বাগতিক দল। ১-১ গোলে ম্যাচের মূল সময় শেষ হলে টাইব্রেকার আসে। সেখানে ৩-১ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।









