ফুটবল

শ্রমিকদের নিয়ে অনুশীলন সেরে মার্কিনিদের প্রতিবাদ

ফুটবল খেলোয়াড়রা প্রশিক্ষণে অংশগ্রহণ করছে, মাঠে অনুশীলন চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল দলের খেলোয়াড়রা প্রশিক্ষণে অংশগ্রহণ করছে, মাঠে অনুশীলন ও প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিঃশ্বাস ফেলা দূরত্বে দাঁড়িয়ে ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ। স্বাগতিক কাতারও ঘাটতি রাখেনি আয়োজনের। তবুও সমকামী, শ্রমিক মৃত্যু ও মানবাধিকার বিষয়ে সুপ্ত উত্তপ্ত হয়ে আছে এবারের বিশ্বকাপের দেশটি। এমন সময়ে কিছু নির্মাণ শ্রমিককে সঙ্গী করে অনুশীলন সেরেছে যুক্তরাষ্ট্রের দল, ফুটিয়ে তুলেছে প্রতিবাদের ভাষা।

সোমবার দোহায় অনুশীলন ক্যাম্পে দলের ২৬ সদস্যের সঙ্গে কয়েকজন শ্রমিককে ডেকে আনেন মার্কিনিদের কোচ গ্রেগ বের্হাল্টার। কাতারে চলতি শ্রমিক বঞ্চনা বিতর্কের মাঝেই তাদের সঙ্গে খেলোয়াড়রা দেখা করেন, ফুটবল খেলেন এবং অটোগ্রাফ-ফটোগ্রাফও সারেন।

অনুশীলনে সেদিন ঠিক কি কারণে শ্রমিকদের সঙ্গে দেখা করেছেন, তা নিয়ে কিছু বলতে চাননি ইউএসএ টিম ম্যানেজমেন্টের কেউই। ওয়েলসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে কাতারে থাকা এক হাজার সামরিক বাহিনীর সদস্যদেরও আমন্ত্রণ জানিয়েছেন তারা।

ক্রিস্টিয়ান পুলিসিচ-জিও রেইনারা নিজেদের কিভাবে প্রস্তুত করছেন তা দেখতেই মূলত মাঠে যাবেন সামরিকবাহিনীর সদস্য ও তাদের পরিবারের লোকজন। মার্কিন ফুটবল দলের পক্ষ থেকে আমন্ত্রণ পেয়েছেন দোহার ইউএস দূতাবাসের কর্মীরাও। তাদের সামনেই শেষ সময়ে নিজেদের ঝালিয়ে নেবেন দলটির সদস্যরা।

বৈশ্বিক আসরের মহাযজ্ঞে বেশকিছু বিষয়ে অংশ নিতে চলা ৩২ দলকে সতর্ক করে দিয়েছে ফিফা। সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো অনুরোধ করেছেন ফুটবলে মনোযোগ দিতে। আদর্শগত ও রাজনৈতিক কোনো দ্বন্দ্ব তৈরি করে এমন কাজ থেকে বিরত থাকার জন্য বলেছেন ফিফা মহাসচিব ফাতেমা সামুওরাও।

বিষয়:ইনফান্তিনো কাতার বিশ্বকাপ-2022 পুলিসিচ শ্রমিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…