এবারের ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮ দেশ চূড়ান্ত দল জানিয়ে দিয়েছে। আসরে ১২৪৮ জন ফুটবলার আসছেন, যার মধ্যে ৪০ বছর বা তার বেশি বয়সী থাকছেন ৮ জন। বিশ্বকাপ ইতিহাসে এক আসরে এত সংখ্যক এই বয়সী ফুটবলারের উপস্থিতি এবারই প্রথম। দেখে নেয়া যাক কে কে হতে চলেছেন ২০২৬ বিশ্বকাপে বেশি বয়সী মাঠসেনানী।
১৯৩০ সালে বিশ্বকাপের যাত্রা শুরুর পর ২২ আসরে সবমিলিয়ে মাত্র ৮ জন ফুটবলার ৪০ বা তার বেশি বয়সে মহাযজ্ঞের মঞ্চে মাঠে নেমেছেন। ২৩তম আসরেই সেই সংখ্যাটা দ্বিগুণ হতে চলেছে। বয়সীর তালিকায় সবার উপরে আছেন স্কটল্যান্ডের অভিজ্ঞ গোলরক্ষক ক্রেইগ গর্ডন।
৪০ বছরের বেশি আট ফুটবলারের মধ্যে ৫ জনই গোলরক্ষক। তারা- ক্রেইগ গর্ডন, গুইলের্মো ওচোয়া, ম্যানুয়েল নয়্যার, ভোজিনহা এবং ফার্নান্দো মুসলেরা। গর্ডন ও ভোজিনহার জন্য এটি হবে প্রথম বিশ্বকাপ অভিজ্ঞতা। বিশেষ করে ৪৩ বছর বয়সে প্রথমবার বিশ্বকাপ মঞ্চে নামার অপেক্ষায় থাকা গর্ডনের গল্পটি বেশ ব্যতিক্রমী। ১৯৯৮ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তার দেশ স্কটল্যান্ড।
ড্র অনুযায়ী ‘সি’ গ্রুপে খেলবে স্কটল্যান্ড। প্রতিপক্ষ ব্রাজিল, মরক্কো ও হাইতি। গ্রুপপর্বের তৃতীয় ম্যাচে গর্ডনের সামনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে খেলার সুযোগ আসতে পারে।
এবারের বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ বয়সী ফুটবলার পর্তুগাল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বর্ষী ফরোয়ার্ড ষষ্ঠবার বিশ্বকাপ খেলতে চলেছেন, যা যৌথভাবে সর্বোচ্চ আসরে নামার রেকর্ড গড়বে।
রোনালদোর পাশাপাশি মেক্সিকো গোলরক্ষক গুইলের্মো ওচোয়াও ষষ্ঠবারের মতো বিশ্বকাপ মঞ্চে নামবেন। বেশি বয়সী খেলোয়াড়ের তালিকায় থাকাদের মধ্যে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে নিয়মিত খেলছেন কেবল দুজন, লুকা মদ্রিচ ও ম্যানুয়েল নয়্যার। জার্মান তারকা নয়্যার আবার অবসর ভেঙে জাতীয় দলে ফিরলেন, সেটিও সরাসরি বিশ্বকাপে।
২০২৬ বিশ্বকাপের বয়সী ফুটবলার যারা
ক্রেইগ গর্ডন (স্কটল্যান্ড): ৪৩ বছর (জন্ম ৩১ ডিসেম্বর, ১৯৮২)
ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল): ৪১ বছর (৫ ফেব্রুয়ারি, ১৯৮৫)
গুইলের্মো ওচোয়া (মেক্সিকো): ৪০ বছর (১৩ জুলাই, ১৯৮৫)
লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া): ৪০ বছর (৯ সেপ্টেম্বর, ১৯৮৫)
এডিন জেকো (বসনিয়া): ৪০ বছর (৯ সেপ্টেম্বর, ১৯৮৫)
ম্যানুয়েল নয়্যার (জার্মানি): ৪০ বছর (২৭ মার্চ, ১৯৮৬)
ভোজিনহা (কেপ ভার্দে): ৪০ বছর (৩ জুন, ১৯৮৬)
ফার্নান্দো মুসলেরা (উরুগুয়ে): ৪০ বছর (১৬ জুন, ১৯৮৬)








