ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগালের ১-১ গোলের ড্রয়ের পর নানান খবর চাউড় হতে থাকে। সবই নেতিবাচক। বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে। সেই ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন দলের প্রধান খেলোয়াড়। সতীর্থদের সঙ্গে রেষারেষির খবর ছড়াতে থাকে। তবে সব নিন্দুকদের জবাব মাঠেই দিলেন রোনালদো। করলেন জোড়া গোল, দলও জিতেছে বড় ব্যবধানে।
হিউস্টনে এনআরজি স্টেডিয়ামে মঙ্গলবার উজবেকিস্তানকে ৫-০তে হারিয়েছে রোনালদো বাহিনী। জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠল পর্তুগাল। একটি করে ম্যাচ খেলা কলম্বিয়া ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ও ডিআর কঙ্গো ১ পয়েন্ট নিয়ে তিনে আছে। দুই ম্যাচ খেলে উজবেকিস্তান এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি।
জাতীয় দলের হয়ে নিজের খেলা আগের চার ম্যাচে গোল পাননি রোনালদো। তাছাড়া, বিশ্বকাপ বা ইউরো মিলিয়ে আগের ১০ ম্যাচে ছিল না তার কোন গোল। সেই সঙ্গে চলতি বিশ্বকাপে ডিআর কঙ্গোর বিপক্ষে হতশ্রী পারফরম্যান্স। এমন বাস্তবতায়, অনেকে পর্তুগাল দলে তার জায়গা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করে। কেউ কেউ আবার তাকে শুরুর একাদশে কিংবা পুরোটা সময় খেলানো নিয়েও প্রশ্ন তোলে।
কঠিন এই পরিস্থিতিতে দারুণ দুটি গোল করে দলের জয়ে অবদান রাখতে পেরে যেন হাফ ছাড়লেন রোনালদো। তাইতো ম্যাচ শেষ হতেই, সামাজিক যোগাযোগ মাধ্যেমে ৪১ বর্ষী মহাতারকা লিখেছেন, ‘আমি ফিরে এসেছি, আমি ফিরে এসেছি।’







