বিশ্বকাপের নকআউট পর্বে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ম্যাচের ফলের চেয়ে এখন বেশি আলোচনায় টাইব্রেকারের এক ঘটনা। বিভিন্ন গণমাধ্যমের দাবি, গুরুত্বপূর্ণ মুহূর্তে কয়েকজন জার্মান ফুটবলার পেনাল্টি নিতে অনীহা দেখিয়েছিলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যমের মেট্রো প্রতিবেদনে বলা হয়েছে, টাইব্রেকারের সময় জার্মান অধিনায়ক জশুয়া কিমিখ মিডফিল্ডার লিওন গোরেৎজকাকে দুবার পেনাল্টি নেওয়ার আহ্বান জানানো হয়, তবে তিনি তাতে সাড়া দেননি।
শেষপর্যন্ত ডিফেন্ডার জোনাথন তাহকে দায়িত্ব নিতে হয়। সেটিই ছিল তার পেশাদার ক্যারিয়ারের প্রথম পেনাল্টি। কিন্তু চাপের সেই মুহূর্তে শটটি লক্ষ্যভ্রষ্ট হলে টাইব্রেকারে জয় তুলে নিয়ে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করে প্যারাগুয়ে। আর বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় জার্মানিকে।
জার্মান সংবাদমাধ্যম বিল্ড জানিয়েছে, ষষ্ঠ পেনাল্টি নেয়ার জন্য খেলোয়াড় নির্বাচন করতে গিয়ে দলীয় শিবিরে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রতিবেদনে দাবি করা হয়েছে, কয়েকজন ফুটবলার চাপের মুহূর্তে এগিয়ে আসতে দ্বিধা করেন, এমনকি দায়িত্ব এড়িয়ে যাওয়ারও চেষ্টা করেন।
গোরেৎজকাকে পেনাল্টি না নেয়ার বিষয়টি আরও বেশি আলোচনায় এসেছে। কারণ, তার ক্যারিয়ারে নেয়া তিনটি পেনাল্টির সবকটিই সফল ছিল। তাই এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে তার সিদ্ধান্ত অনেককেই বিস্মিত করেছে।
এদিকে বিশ্বকাপ থেকে বিদায়ের পর প্রধান কোচ জুলিয়ান নাগেলসম্যানের ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছে আলোচনা। স্কাই স্পোর্ট জার্মানির এক জরিপে অংশ নেয়া ৯৩ শতাংশ পাঠক নাগেলসম্যানের দায়িত্বে থাকা উচিত নয় বলে মত দিয়েছেন।
তবে পেনাল্টি নিতে খেলোয়াড়দের অনীহার বিষয়ে এখন পর্যন্ত জার্মান ফুটবল ফেডারেশন বা সংশ্লিষ্ট কোন খেলোয়াড় আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি।






