ক্রোয়েশিয়াকে রাউন্ড অব বত্রিশে হারিয়ে সেরা ষোলোর টিকিট নিশ্চিত করেছে পর্তুগাল। বিশেষ একটি দিনে জয়টি পর্তুগিজদের জন্য ভিন্ন কিছু। এই দিনে একবছর আগে স্পেনে প্রাণ হারিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো-ব্রুনো ফের্নান্দেজদের অকাল প্রয়াত সতীর্থ ডিয়েগো জোতা। ম্যাচের শুরু থেকে শেষ অবধি তাকে স্মরণে রেখেছিল পর্তুগাল।
ম্যাচ শেষে প্রয়াত সতীর্থ জোতার ২১ নম্বর জার্সি পরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আগেই পর্তুগাল থেকে বলা হয়েছিল জোতার অনুপ্রেরণা সঙ্গী করে মাঠে নামবে দল। রোনালদোদের দেশের প্রধানমন্ত্রী জোতার নাম লেখা ব্যান্ড উপহার দিয়েছিলেন পুরো দলকে, যা পর বিশ্বকাপে খেলছে পর্তুগিজরা।
টরন্টোর বিএমও ফিল্ডে শুক্রবার ক্রোয়েশিয়ার সঙ্গে ২-১ গোলে জিতেছে পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে জালের দেখা পেয়েছেন গনসালো রামোস। ক্রোয়েশিয়ার হয়ে একমাত্র গোলটি করেন ইভান পেরিসিচ।
ম্যাচ শেষে রোনালদো বলেছেন, ‘আমরা খেলার আগেই জানতাম, দিনটা অত্যন্ত বিশেষ মুহূর্ত। আজ আমরা আমাদের দল জীবনের কাকতালীয় ঘটনা নিয়ে কথা বলছি, যা অবিশ্বাস্য।’
‘আমি বিস্মিত হয়েছি, কারণ আজকের এই পরিস্থিতিটি আমাদের জন্য অনেক তাৎপর্যপূর্ণ। শুধু ম্যাচটা জেতার জন্যই নয়, বরং যেভাবে জিতেছি তার জন্যও। আমরা জানি তিনি আমাদের সঙ্গেই আছেন এবং তাকে সর্বোত্তম উপায়ে সম্মান জানাতে আজ জেতাই যুক্তিযুক্ত ছিল।’
জুলাইয়ের ৬ তারিখ শেষ ষোলোতে বাংলাদেশ সময় রাত ১টায় স্পেনের মুখোমুখি হবে পর্তুগাল।
জোতা দেশের হয়ে ৪৯ ম্যাচে ১৪ গোল করে গেছেন। গত বছর ৩ জুলাই ভোরে স্পেনের জামেরা প্রদেশে প্যালাসিওস ডি সানাব্রিয়া শহরের কাছে এ-৫২ হাইওয়েতে তার গাড়ি দুর্ঘটনায় পড়ে। সেসময় গাড়িতে আগুন ধরে যায়। ২৮ বর্ষী তারকার সঙ্গে প্রাণ হারান ভাই আন্দ্রে সিলভাও।







