এই খবরটি পডকাস্টে শুনুনঃ
উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় পর্দা উঠবে ২০২৬ ফিফা বিশ্বকাপের। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত আসরের উদ্বোধনী ম্যাচ ঘিরে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে সহ-আয়োজক মেক্সিকো সরকার। যানজট কমাতে, নগরবাসী ও পর্যটকের চলাচল সহজ করতে বৃহস্পতিবার মেক্সিকো সিটির সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম। সঙ্গে সকল সরকারি কর্মচারী-কর্মকর্তাকে এদিন বাড়ি থেকে কাজ করতে হবে।
বৃহস্পতিবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে। বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন দেশ থেকে প্রচুর দর্শক মেক্সিকোয় আসবেন। তাদের কোন ভোগান্তি যেন না হয়, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্বাগতিক মেক্সিকো। ছয় সপ্তাহব্যাপী আসরে মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র মিলিয়ে ১০৪ ম্যাচ আয়োজন করবে।
বিশ্বকাপে মোট ৪৮ দেশের ১২৪৮ জন ফুটবলার অংশ নেবেন। এবারই সবচেয়ে বড় পরিসরে বিশ্বকাপ হতে চলেছে। একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকোয়।






