বিশ্বকাপ চলাকালীন আফ্রিকার বর্ষসেরা রেফারি ওমর আরতানকে যুক্তরাষ্ট্রের কঠোর সীমান্ত নীতির কারণে মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হয়েছিল। যার ফলে সোমালি সে রেফারি আসরে ম্যাচ পরিচালনা করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন। এবার প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি) এবং অ্যাস্টন ভিলার মধ্যকার উয়েফা সুপার কাপের ম্যাচটি পরিচালনা করবেন তিনি।
জুনে বিশ্বকাপ শুরুর আগে, টুর্নামেন্টের জন্য ফিফা কর্তৃক নির্বাচিত রেফারি প্যানেলের অংশ ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রে পৌঁছালে মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে তাকে ফিরিয়ে দেয়া হয়। পরবর্তীতে ৩৪ বর্ষী এ রেফারি গণমাধ্যমের নজরে আসেন।
তবে সে সুযোগ হারালেও এবার আলাদাভাবেই তাকে সম্মান জানালো উয়েফা। চ্যাম্পিয়ন লিগ এবং ইউরোপা লিগের দুই চ্যাম্পিয়ন দলের মধ্যকার এক ম্যাচের শিরোপা লড়াইয়ের সুপার কাপের পরিচালনা করবেন ওমর।
উয়েফাকে দেয়া এক সাক্ষাৎকারে ওমর বলেছেন, ‘এটি খুবই কঠিন একটা সময় ছিল। অনেকেই আমার প্রতি সহানুভূতি দেখান, কারণ কেউ যখন বহু বছর ধরে কাজ করার পর কোনো একটি কাজ করার কথা থাকে এবং তারপর তা করতে পারে না, তখন পরিস্থিতিটা খুবই কঠিন হয়ে যায়।’
মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা সে সময় বলেছিলেন, ‘ওই রেফারি সন্ত্রাসী সংগঠনের সন্দেহভাজন সদস্যদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। ফলে তিনি ভ্রমণকারী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য।’ সে সময় সোমালিয়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়, যেখানে ওমর ফিরে আসার পর বীরের মতো অভ্যর্থনা পেয়েছিলেন।
বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় অস্ট্রিয়ার রেডবুল এরিনায় এক ম্যাচের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে ইউরোপের গত আসরের দুই লিগের চ্যাম্পিয়ন পিএসজি এবং অ্যাস্টন ভিলা।








