দীর্ঘ ২৩ বছরের ক্যারিয়ার ক্রিস্টিয়ানো রোনালদোর, গড়েছেন অসংখ্য রেকর্ড এবং মাইলফলক। আন্তর্জাতিক ক্যারিয়েরের শেষ পর্যায়ও চলে এসেছেন ৪১ বর্ষী পর্তুগিজ মহাতারকা। চলতি বিশ্বকাপ হতে যাচ্ছে তার শেষ বিশ্বযজ্ঞ অধ্যায়, সেই বার্তাও দিলেন।
টেক্সাসের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় বিশ্বকাপে সেরা ষোলোর ম্যাচে স্পেনের বিপক্ষে নামবে পর্তুগাল। নকআউট হওয়ায় হেরে যাওয়া দল নেবে বিদায়, জয়ী দল টিকিট কাটবে কোয়ার্টার ফাইনালের। পর্তুগাল ম্যাচ হেরে গেলে এটাই হবে রোনালদোর শেষ বিশ্বকাপ ম্যাচ, জানিয়েছেন ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তবে মহাযজ্ঞ বেশ ভালোই উপভোগ করছেন সিআর সেভেন।
স্পেনের বিপক্ষে নামার আগে সংবাদ সম্মেলনে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ প্রসঙ্গে রোনালদো বলেছেন, ‘আমার শেষ বিশ্বকাপটা পুরোপুরি উপভোগ করতে চাই। আশা করি, পরেরটা (স্পেনের বিপক্ষে) আমার শেষ ম্যাচ হবে না। তাহলে আপনারা আমাকে আরও কিছুক্ষণ গালিগালাজ করতে পারবেন।’
‘ক্যারিয়ারজুড়ে বয়সের সূক্ষ্ম পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিয়েছি। এটা জেনে যে, আর আগের মতো খেলোয়াড় নই। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝতে পারি, কিছুই বদলায়নি, কারণ এখনও গোল করতে পারি। আশা করি পরের ম্যাচে সেটা করতে পারব। যদি না পারি, আশা করি দলের অন্যরা পারবে।’
‘কোনকিছুরই কমতি নেই। ঈশ্বর আমার প্রতি অত্যন্ত উদার ছিলেন। আমাকে এমন সবকিছু দিয়েছেন যা জেতার কথা কখনও ভাবিনি, বিশেষ করে জাতীয় দলের হয়ে। ব্যক্তিগতভাবেও একই কথা। তাই প্রতিটি মুহূর্ত উপভোগ করছি। বিশ্বকাপ জিতলেই আরও বেশি বা কম ক্রিস্টিয়ানো রোনালদো হয়ে যাবো না। অবশ্যই, আমাদের সবারই আশা আছে, বিশেষ করে আমার, এবং আমরা সবাই জেতার জন্য সবরকম পরিস্থিতি চাই। কিন্তু আমরা জানি, জিতবে কেবল একজনই।’







