শেষের কাছাকাছি বিশ্বকাপের রাউন্ড অব ষোলো। কোয়ার্টার ফাইনালের জন্য ৮ দেশের ৬টি কেটে ফেলেছে টিকিট। সবশেষ সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকে হারিয়ে সেরা আটের টিকিট নিশ্চিত করেছে বেলজিয়াম। রেড ডেভিলদের প্রতিপক্ষ পর্তুগালকে হারিয়ে আসা স্পেন।
শেষ ষোলোতে এসে থামতে হল উড়তে থাকা মার্কিনীদের। বেলজিয়ামের বিপক্ষে ভালো খেললেও হার এড়াতে পারেনি তারা। চার্লস ডি কেটেলেয়ারের জোড়া গোলের সুবাদে স্বাগতিকদের ৪-১এ হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে বেলজিয়াম। অন্য গোল দুটি করেন হ্যান্স ভানাকেন ও রোমেলু লুকাকু। যুক্তরাষ্ট্রের একমাত্র গোলটি করেন মালিক টিলম্যান।
অন্যদিকে রাতের ম্যাচের ঠিক ৯০ মিনিট পর্যন্ত জালের দেখা মেলেনি পর্তুগাল এবং স্পেনের। যোগকরা সময়ের প্রথম মিনিটে মিকেল মেরিনোর গোল, আর তাতে বিদায়ের পথ দেখে পর্তুগিজরা। ১-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে স্পেন। যার মধ্য দিয়ে শেষ হল ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা।
আগামী ১০ জুলাই লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম।








