ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর আস্থা হারানোর কথা স্পষ্টভাবে জানিয়েছে ডেনমার্ক ফুটবল অ্যাসোসিয়েশন (ডিবিইউ)। শুধু অনাস্থা জানিয়েই থামছে না তারা, ২০২৭ সালের ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর বিপরীতে একজন যোগ্য প্রার্থী খুঁজতেও উদ্যোগী হয়েছে সংস্থাটি।
সম্প্রতি বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে দেওয়ার একটি প্রস্তাব নিয়ে বিতর্ক তৈরি হয়। তীব্র সমালোচনার মুখে পরে সেই প্রস্তাব প্রত্যাহার করে ফিফা। তবে ডিবিইউর মতে, এই ঘটনায় ফিফার নেতৃত্বের প্রতি গভীর আস্থার সংকট তৈরি হয়েছে, যা শুধু প্রস্তাব প্রত্যাহার বা ক্ষমা চাওয়ার মাধ্যমে দূর হওয়ার নয়।
এক বিবৃতিতে ডিবিইউ বলেছে, ‘জিয়ান্নি ইনফান্তিনোর ওপর থেকে আমাদের সমস্ত আস্থা উঠে গেছে। প্রস্তাব প্রত্যাহার কিংবা পরবর্তী ক্ষমা প্রার্থনা, কোন কিছুই এই বাস্তবতাকে বদলাতে পারবে না।’
আগামী ১৮ মার্চ মরক্কোর রাবাতে ফিফার কংগ্রেসে পরবর্তী নেতৃত্ব নির্ধারণ হওয়ার কথা। ডিবিইউ জানিয়েছে, তারা উয়েফা ও অন্যান্য সদস্য সংস্থার সঙ্গে কাজ করে এমন একজন বিকল্প নেতৃত্ব দাঁড় করাতে চায়, যিনি ফুটবলের বিভিন্ন অঞ্চলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনতে পারবেন।
ইনফান্তিনো চতুর্থ মেয়াদে ২০৩১ সাল পর্যন্ত দায়িত্বে থাকার লক্ষ্য নিয়ে এগোলেও সাম্প্রতিক সময়ে কয়েকটি জাতীয় ফুটবল সংস্থা ও কনফেডারেশনের সমর্থন হারিয়েছেন। ফলে আসন্ন নির্বাচনকে ঘিরে তার অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।









