ফিফা ক্লাব বিশ্বকাপে রূপকথার গল্প লিখিয়েই চলেছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। যেখানে অর্থনৈতিকভাবে দুর্বল দলটির নকআউট পর্বে ওঠা নিয়েই ছিল শঙ্কা আর অনিশ্চয়তা, সেই ক্লাব এখন ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালে তারা সৌদি প্রো লিগের দল আল-হিলালকে কাঁদিয়ে সেরা চারের টিকিট কেটেছে।
ফ্লোরিডায় ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে শুক্রবার রাতের ম্যাচে আল-হিলালকে ২-১ গোলে হারিয়েছে ফ্লুমিনেন্স। দুদলের এটি ছিল প্রথম মুখোমুখি লড়াই।
মাঠের লড়াইয়ে ফ্লুমিনেন্সের চেয়ে আল-হিলালের দাপটই ছিল বেশি। ৫৮ শতাংশ বলের দখল রেখে ১৫ শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখে তারা। বিপরীতে ১০ শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখে ফ্লুমিনেন্স। কিন্তু বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোল করার আসল কাজটি ঠিকঠাক করতে পারেনি আল-হিলাল।
ম্যাথিউস মার্টিনালির গোলে ম্যাচের ৪০ মিনিটে লিড নেয় ফ্লুমিনেন্স। তাতে গোলেই ১-০তে এগিয়ে যায় ব্রাজিলীয় ক্লাবটি। প্রথমার্ধে অবশ্য দুদলের কেউই আর গোলের দেখা পায়নি।
বিরতির পরপরই সমতায় ফেরে আল-হিলাল। ৫১ মিনিটে মার্কো লিওনার্দোর গোলে উল্লাসে ভাসে সৌদির ক্লাবটি। তাদের সেই উল্লাস থেমে যায় ৭০ মিনিটে। হারকিউলিসের দারুণ এক গোলে আবার লিড ফিরে পায় ফ্লুমিনেন্স।
শেষপর্যন্ত আর ম্যাচে সমতা ফেরাতে পারেনি আল-হিলাল। ২-১ গোলের জয় নিয়ে সবার আগে ক্লাব বিশ্বকাপের সেমি নিশ্চিত করে ফ্লুমিনেন্স। তাতে যাত্রা শেষ হলো আল-হিলালের।
কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচে কোল পালমারের গোলে এগিয়ে ছিল চেলসি। পালমেইরাস গোল শোধ দিলে ম্যাচে উত্তেজনা বাড়ে। কিন্তু গোল বাঁচাতে গিয়ে উল্টো নিজেদের জালে বল পাঠিয়ে দিলে শেষপর্যন্ত স্বপ্ন ভাঙে ব্রাজিলিয়ানদের। ফ্লোরিডায় ২-১ গোলে পালমেইরাসকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে উঠে চেলসি।
আগামী ৯ জুলাই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির বিপক্ষে লড়বে ফ্লুমিনেন্স।








