কাদায় আটকে আছে ফেরি: জোয়ারের অপেক্ষায় যাত্রীরা

ছবি: সংগৃহীত
সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের খালের মুখে অতিরিক্ত কাদায় আটকে গেছে যাত্রীবাহী একটি ফেরি। এতে প্রায় সাড়ে ছয় ঘণ্টা ধরে দুর্ভোগে রয়েছেন ফেরির যাত্রীরা।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে গুপ্তছড়া ঘাট থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যায় ফেরিটি। খালের মুখে পৌঁছানোর পর পানির গভীরতা কম থাকায় পলিতে আটকে যায় এটি। রাত ১১টা ২৭ মিনিট পর্যন্ত ফেরিটি সেখানেই আটকে ছিল।
ফেরির মাস্টার জানান, খালের মুখে বর্তমানে পর্যাপ্ত পানি নেই। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৩টার পর জোয়ারের পানি বাড়লে ফেরিটি পলি পেরিয়ে মূল চ্যানেলে উঠতে পারবে বলে আশা করা হচ্ছে। এরপর বাঁশবাড়িয়ার উদ্দেশে ফেরি চলাচল শুরু করতে পারবে।
দীর্ঘ সময় ধরে ফেরি আটকে পড়ার ঘটনায় গুপ্তছড়া নৌপথের নাব্যতা সংকট আবারও সামনে এসেছে। অতিরিক্ত পলি জমে পানির গভীরতা কমে যাওয়ায় এই নৌপথে ফেরি চলাচল জোয়ার-ভাটার ওপর নির্ভরশীল হয়ে পড়ছে।
সন্দ্বীপের সঙ্গে চট্টগ্রামের মূল ভূখণ্ডের যোগাযোগে গুরুত্বপূর্ণ এই নৌপথে নাব্যতা কমে যাওয়ায় নিয়মিত যাতায়াতে ভোগান্তিতে পড়ছেন দ্বীপবাসী। খালের মুখে প্রয়োজনীয় নাব্যতা নিশ্চিত করা না হলে এ ধরনের সংকট বারবার দেখা দিতে পারে।






