দিনাজপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ছেলের হাতে তার বাবা এবং সৎ ভাই খুনের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১২ মে) সকাল ৬টার সময় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মন্ডলপাড়ায় জোড়া খুনের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মন্ডলপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে শহিদুল ইসলাম দুলু (৭০) ও তার ছেলে কাবিল ইসলাম (৩২)।
এই ঘটনার পর থেকে শহিদুল ইসলামের অপর দুই ছেলে ঘাতক সাকিব (১৮) ও সাদিকুল (৩০) পলাতক রয়েছেন।
চিররবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন জানিয়েছে, নিহত শহিদুল ইসলামের প্রথম স্ত্রীর ছেলে নিহত কাবিল ইসলাম এবং দ্বিতীয় স্ত্রীর ছেলে পলাতক সাকিব ও সাদিকুল।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাত দিয়ে ওসি মাহমুদুন নবী বলেন, নিহত শহিদুল ইসলাম দুলুর দুই স্ত্রী। দীর্ঘদিন ধরে তার জমি নিয়ে দুই স্ত্রীর ছেলেদের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি ধান কাটার পর ২ পরিবারকে সমানভাবে বন্টন করে দিয়েছিলেন তিনি। তবে কয়েকদিন ধরে জমিতে চাষ করা ভুট্টার সমান ভাগ চাচ্ছিলেন, দ্বিতীয় স্ত্রীর ছেলে সাকিব ও সাদিকুল।
আজ মঙ্গলবার (১২ মে) ভোরে ভুট্টা ক্ষেতের বিষয়টি নিয়ে বাবা ও সৎ ভাইয়ের সঙ্গে কথা কাটাকাটি হয় সাকিব ও সাদিকুলের। পরে তারা লোহার রড দিয়ে বাবা শহিদুল ও ভাই কাবিলকে আঘাত করে পালিয় যান। এতে ঘটনাস্থলে বাবা শহিদুল ইসলাম মারা যান। স্থানীয়রা আহত কাবিলকে উদ্ধার করে সৈয়দপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মাহমুদুন আরো জানান, ঘটনার পর থেকে ঘাতক দুই ভাই পলাতক রয়েছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত রড উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।








