মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে পদ্মার শাখা নদীতে গোসল করতে নেমে স্রোতে ভেসে নিখোঁজ হয়ে যাওয়া শিশুকে খুঁজতে গিয়ে মারা গেছেন তারই বাবা ও খালু।
(১২এপ্রিল) শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে দিঘীরপাড় ইউনিয়নের ধানকোড়া এলাকায় পদ্মার শাখা নদীতে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ৩০ থেকে ৩৫ জন ট্রলারে করে পদ্মার শাখা নদীতে ঘুরতে বের হন। সেসময় বেশ কয়েকজন ট্রলার থেকে গোসল করতে নামলে আরিদ নামের এক শিশু নদীর স্রোতে ভেসে যায়।
পরে তার বাবা ও খালু তাকে উদ্ধার করতে গিয়ে তারাও স্রোতের তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের টিম ও নৌপুলিশ বাবা ও খালুর মরদেহ উদ্ধার করে। তবে আরিদকে এখনও উদ্ধার করা যায়নি।
নিখোঁজ আরিদের বাবা রেলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রিয়াদ আহমেদ রাজু ও খালু মোহাম্মদ জুয়েল রানা ব্যাংক কর্মকর্তা। তাদের বাড়ি ঢাকার মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডে।
পুলিশ জানিয়েছে, ঈদে টঙ্গীবাড়ি উপজেলার বেসনাল এলাকায় তাদের স্বজন আলম মোল্লার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তারা।







