সনিলাইভ প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‘ফাটাফাটি’

দুটি টেলিভিশন শো এর পোস্টার, একটিতে হাস্যরসাত্মক চরিত্র এবং অন্যটিতে শিশু বিজ্ঞানী ও শিক্ষার্থীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ
ফাটাফাটি চলচ্চিত্রটি একটি মধ্যবিত্ত প্রেমের গল্প, যেখানে একজন মহিলা কীভাবে সৌন্দর্যের সামাজিক মাপকাঠি অনুযায়ী না গিয়ে, নিজের স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত করেন। ৮০ দিন ধরে বিভিন্ন প্রেক্ষাগৃহে ফাটাফাটি সগৌরবে চলার পরে এবার প্রস্তুত তার অটিটি প্রিমিয়ারের জন্য সনিলাইভ-এর প্ল্যাটফর্মে।
শুধু তাই নয়, সনিলাইভ এবং উইনডোজ যৌথভাবে নিয়ে আসছে উইনডোজ প্রযোজিত এবং নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিবেদিত আরও দু’টি সিনেমা, লক্ষ্মী ছেলে এবং হামি-২।
৪ আগস্ট থেকে সনিলাইভ-এর প্লাটফর্মে স্ট্রিম হতে চলেছে ‘ফাটাফাটি’, যা ব্রহ্মা জানেন গোপন কম্মটি এবং বাবা বেবি ও-এর পর অরিত্র মুখার্জির তৃতীয় ছবি।
‘ফাটাফাটি’র গল্প আবর্তিত হয়েছে ফুল্লরা নামের একটি মেয়েকে ঘিরে। সে মফঃস্বলের এক মধ্যবিত্ত বাড়ির বউ। জীবনে ইচ্ছা ছিল ফ্যাশন ডিজাইনার হওয়ার। কিন্তু স্বপ্ন বাস্তবায়িত হয়নি। হয়ে ওঠেন দর্জি, ‘শখের দর্জি’। তবুও মনের মধ্যে গোপন ইচ্ছাটা ছিল। তাই ছদ্মনামে নিজের কাজ সোশ্যাল সাইটে তুলে ধরতে থাকেন। এইভাবে একদিন জনপ্রিয় হয়ে যান। চারিদিকে ছড়িয়ে পড়ে তার কাজ। আসে নতুন কাজের সুযোগ। টাকা আয়ের পথ দেখতে পান তিনি। কিন্তু এসবের মাঝে বাধা হয়ে দাঁড়ায় তার চেহারা।
মোটা হওয়ায় অনেক খোঁটা শুনতে হয় চলার পথে। তার এই খামতি কী জীবনে সাফল্যে বাধা হয়ে দাঁড়াবে? নাকি সব বাধা ভেঙে সফলতার সিঁড়ি বেয়ে উঠে যাবে ফুল্লরা? ‘ফাটাফাটি’ সিনেমাতে সেই গল্প তুলে ধরা হয়েছে। এই লড়াইয়ে তার পাশে আছেন স্বামী বাচস্পতি (আবির চট্টোপাধ্যায়)।
ফাটাফাটি’র সাধারণ গল্পকে অসাধারণভাবে পেশ করার কৃতিত্ব জিনিয়া সেন ও সম্রাজ্ঞী মুখোপাধ্যায়ের। কারণ, ছবির গল্প, চিত্রনাট্য ও সংলাপ তাদের লেখা।
শিবপ্রসদ মুখোপাধ্যায় বলেন, ফাটাফাটি, লক্ষী ছেলে, হামি-২, ৬টি ভাষায় প্রবাহিত হবে এবং জনপ্রিয় প্ল্যাটফর্ম সনিলাইভ-এ তাদের দেখা যাবে। আমি মনে করি এটি বাংলা সিনেমার জন্য একটি বিশাল পদক্ষেপ, এটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের ‘হাওয়া’ যখন মুক্তি পেয়েছিল সনিলাইভ-এর ওটিটি প্লাটফর্মে তখন ভারতবর্ষ তথা বিশ্ব তাকে আপন করে নিয়েছিল, প্রাণ ভরা ভালোবাসা দিয়েছিল। যে যাত্রা ‘হাওয়া’ দিয়ে শুরু হয়েছিল সেই একই যাত্রায় পদার্পণ করলো ফাটাফাটি, লক্ষী ছেলে, এবং হামি-২ এবং পৌঁছে যাবে সবার কাছে। মিশে যাবে দু’বাংলা। আমি এটাই আশা রাখবো পৃথিবীর সব বাংলাভাষী মানুষেরা যেন আপন করে নেয় আমাদের সব ছবিকে।



