চ্যানেল আইয়ের ৫ পরিচালকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করবেন বলে জানিয়েছেন স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উপস্থাপক ফারজানা রশীদ ব্রাউনিয়া।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চ্যানেল আইকে ব্রাউনিয়া জানান, চাঁদাবাজির কোনো অভিযোগ করেননি তিনি। দ্রুততম সময়ের মধ্যে মামলা প্রত্যাহারের আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
ফারজানা ব্রাউনিয়ার মামলা প্রত্যাহারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ।
এর আগে, বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চ্যানেল আই এর ৫ জন পরিচালকের বিরুদ্ধে মামলা করেন স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা রশীদ ব্রাউনিয়া।
৫০ কোটি টাকা চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগকে অবান্তর উল্লেখ করে সেদিনই বিবৃতি দেয় চ্যানেল আই কর্তৃপক্ষ। একদিন পর এবার যথাযথ আইনি প্রক্রিয়ায় সেই মামলা প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ফারজানা ব্রাউনিয়া।
বিভিন্ন গণমাধ্যমে চাঁদাবাজির যে প্রসঙ্গ এসেছে সেগুলো মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে ব্রাউনিয়া বলেছেন, তিনি কোনো চাঁদাবাজির মামলা করেননি। চ্যানেল আই কর্তৃপক্ষের প্রতি কোনো অভিযোগ না রাখা এবং মামলা প্রত্যাহারের বিষয়ে প্রয়োজনে দেশের অন্যান্য গণমাধ্যমের সাথেও কথা বলতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ফারজানা ব্রাউনিয়া।







