গেল বছরের মাঝামাঝি সময়ে ঘোষণা করা হয় ‘ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৫’। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) হয়ে গেল ঘোষিত পুরস্কার প্রদান অনুষ্ঠান।
এদিন বেলা সাড়ে ১২টায় চ্যানেল আই স্টুডিওতে জমকালো আয়োজনে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, অন্য প্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম ও লেখক ইফতেখারুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও আনন্দ আলো সম্পাদকমণ্ডলীর সভাপতি, বিশিষ্ট শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান ও সহযোগী সম্পাদক কবি রাজু আলীম। গত বছর পুরস্কার ঘোষণার পর লেখকদের হাতে সম্মাননা তুলে দিতে কেন বিলম্বিত হলো- সে বিষয়েও কথা বলেন রাজু আলীম। সেই সাথে পুরস্কার প্রদানের সাথে ঢাকা ব্যাংককে যুক্ত হওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রেজানুর রহমান।
তারা উভয়েই পুরস্কৃত লেখকদের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, আগামিতে তাদের কাছ থেকে আরো দারুণ সব লেখা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে আনন্দ আলো কীভাবে শুরু হলো, স্মৃতি থেকে সেই দিক নিয়ে কথা বলেন অন্য প্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম। এমন পুরস্কার যে আগামি দিনে লেখকদের আরো ভালো লেখা লিখতে উৎসাহ যোগাবে, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন লেখক ইফতেখারুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতি, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক, আনন্দ আলোর সম্পাদক মন্ডলীর সভাপতি, প্রখ্যাত শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর তার বক্তব্যে বলেন, “এক বছরের অপেক্ষার পর ভাষার মাস সেই ফেব্রুয়ারিতেই আনন্দ আলো সাহিত্য পুরস্কার প্রদান করা হচ্ছে আজ। যারা আজকে পুরস্কার পাচ্ছেন আমরা আশা করবো ভবিষ্যতে তারা আমাদের আরো ভালো ভালো লেখা ও বই উপহার দিবেন। যদিও পুরস্কারের জন্য কোন লেখকই লেখেন না তবে এই পুরস্কার প্রত্যেক লেখককেই আলাদা এক উম্মাদনা ও শক্তি যোগাবে। যার ফলেই প্রতি বছর আমরা এই পুরস্কার প্রদানের চেষ্টা করে থাকি।”
‘ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৫’-এ কবিতা, উপন্যাস, প্রবন্ধ, শিশু সাহিত্য ও প্রথম বই—এই পাঁচটি শাখায় মোট ৮ জন লেখককে পুরস্কৃত করা হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় আবদুল হাই শিকদার, উপন্যাসে সাদত হোসাইন ও শানারেই দেবী শানু, প্রবন্ধে মোহাম্মদ এজাজ ও মাহবুব আজীজ, শিশু সাহিত্যে আমীরুল ইসলাম ও মাহবুবা চৌধুরী এবং প্রথম বই শাখায় দিদারুল আলম।
উল্লেখ্য, ২০২৫ সালে বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলায় প্রকাশিত গ্রন্থ থেকে শ্রেষ্ঠ কাজগুলোর জন্য এই সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়।







