স্বপ্নপূরণ হতে চলেছে এভারটন ডিফেন্ডার অ্যাশলে ইয়ংয়ের। এফএ কাপে তৃতীয় রাউন্ডের ড্র হওয়ার পর সন্তানের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার সুযোগ তৈরি হয়েছে তার। ১৮ বর্ষী টাইলার ইয়াংয়ের দল পিটারবরো ইউনাইটেড। আগামী ১১ জানুয়ারি ম্যাচ হবে এভারটনের মাঠ গুডিসন পার্কে।
সেই ম্যাচ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাশলে লিখেছেন, ‘ওয়াও, স্বপ্ন তাহলে সত্যি হতে পারে।’
গতবছর এভারটনে যোগ দেন অ্যাশলে। ক্যারিয়ারজুড়ে সাতশর বেশি ম্যাচ খেলেছেন ৩৯ বর্ষী ডিফেন্ডার। ২০০৩ সাল থেকে শুরু হওয়া ক্যারিয়ারে খেলেছেন অ্যাস্টন ভিলা, ম্যানচেস্টার ইউনাইটেড ও এসি মিলানের মতো ক্লাবে। ইউনাইটেডেই খেলেছেন প্রায় দুশো ম্যাচ।
অ্যাশলের ছেলে টাইলার আর্সেনালের একাডেমিতে যোগ দেন ৯ বছর বয়সে। এ মৌসুমে ট্রায়ালে উত্তীর্ণ হয়ে একবছরের চুক্তিতে যোগ দেন পিটারবরো ইউনাইটেডে। বাবা ডিফেন্ডার, ছেলে মিডফিল্ডার। কিছুদিন আগে ইএফএল ট্রফির ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে ১৮ বর্ষী টাইলারের।







